মাদুরোর পতনের পর নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফেরার ঘোষণা উরুতিয়ার
ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে অনেকের চোখে বৈধ বিজয়ী হিসেবে বিবেচিত সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার স্পেনে নির্বাসিত ৭৭ বছর বয়সী সাবেক এই কূটনীতিক নিজ দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতে কর্তৃত্ববাদী বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় এক বছর পর উরুতিয়ার এই ঘোষণা দেশটির রাজনৈতিক পটপরিবর্তনের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের একটি অনুগত রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে এবং ওয়াশিংটন দেশটির তেলসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে অর্থ উপার্জন করছে।
২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে জয়ের দাবি করার পর গ্রেপ্তারের হুমকির মুখে ওই বছরের সেপ্টেম্বরে দেশ ছেড়ে স্পেনে পালিয়েছিলেন গঞ্জালেজ উরুতিয়া।
মূলত বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষিত হওয়ার পর শেষ মুহূর্তে ব্যালটে তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন উরুতিয়া। ওই নির্বাচনের পর বিরোধীরা অধিকাংশ ভোটকেন্দ্রের ফলাফলের হিসাব প্রকাশ করেছিল, যেখানে উরুতিয়ার বিপুল বিজয়ের চিত্র উঠে আসে। কিন্তু মাদুরোর ক্ষমতাসীন সমাজতন্ত্রীদের নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচন পরিষদ মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে, যা কেবল রাশিয়াসহ হাতে গোনা কয়েকটি দেশের স্বীকৃতি পেয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গঞ্জালেজ উরুতিয়া আগামী ৫ ডিসেম্বর পশ্চিম ভেনেজুয়েলায় অনুষ্ঠিতব্য একটি বড় ধর্মীয় আয়োজনের দিকে ইঙ্গিত করে লেখেন, শিগগিরই তিনি রক্ষাকর্তা সেইন্ট ভার্জিন অব কোরোমোটোর তীর্থযাত্রায় যোগ দিতে ভেনেজুয়েলায় থাকবেন। দীর্ঘ সময় পর নিজ দেশের মানুষের কাছে ফেরার কথা ভেবে আবেগাপ্লুত হওয়ার কথাও জানান তিনি।
ওই সমাবেশে নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধীদলীয় নেত্রী মাচাদোরও অংশ নেওয়ার কথা রয়েছে, যিনি এক মাস আগে নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরেছেন।
উরুতিয়ার এই ঘোষণাটি এমন সময়ে এল, যার ঠিক এক দিন আগে কারাকাসের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হাজার হাজার শিক্ষার্থীর সামনে এক উষ্ণ সংবর্ধনায় মাচাদো ‘প্রতিহিংসাহীন’ গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কারের বিষয়ে জাতীয় বিতর্ক আয়োজনের প্রতিশ্রুতি দেন।
ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক দৃশ্যপট বেশ নাটকীয়। গত জানুয়ারিতে কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর এক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত ও বন্দী হন। যুক্তরাষ্ট্র এর আগে গঞ্জালেজ উরুতিয়াকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলেও মাদুরোর পতনের পর ওয়াশিংটন সমাজতান্ত্রিক সরকারের সাবেক উপপ্রধান দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণে সমর্থন দেয়।
অন্যদিকে, ওয়াশিংটনের নির্বাচিত একটি বিরোধী অংশের সঙ্গে সরকারের রাজনৈতিক উত্তরণ সংক্রান্ত আলোচনা থেকে মাচাদোকে বাদ রাখা হয়েছে। তবে দেশটিতে কয়েক দশকের কট্টর সমাজতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক উত্তরণের দাবি জোরালো হওয়ায় আগামীতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে মাচাদোই ক্ষমতায় আসার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

