…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

নিজের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটির আবাসনে উঠছেন ট্রাম্পের মন্ত্রীরা একের পর এক

নিজস্ব প্রতিবেদক
নিজের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটির আবাসনে উঠছেন ট্রাম্পের মন্ত্রীরা একের পর এক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসনে বসবাসের প্রবণতা বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে। নিরাপত্তাঝুঁকি ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে প্রশাসনের অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা এখন সামরিক ঘাঁটির ভেতরে বসবাস করছেন।

অতীতে বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সামরিক আবাসনে থাকার ঘটনা বিরল হলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন জানায়, সামরিক বাহিনীর জেনারেল ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এসব বাড়ি এক শতাব্দীরও বেশি পুরোনো। নিরাপত্তাবেষ্টিত প্রবেশপথ, উঁচু দেয়াল ও কঠোর নিয়ন্ত্রণের কারণে বাইরের মানুষের প্রবেশ সেখানে সীমিত। কর্মকর্তাদের মতে, ওয়াশিংটনের অন্য যেকোনো এলাকার তুলনায় এসব আবাসে তাঁরা বেশি নিরাপদ বোধ করেন।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি প্রতিপক্ষের হুমকির কারণে এই প্রবণতা তৈরি হয়েছে। সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরান ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।

এসব হুমকির কারণে ভবিষ্যতের রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট—উভয় প্রশাসনেই সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে এতে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঐতিহ্যগতভাবে বেসামরিক সরকারের কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে একই শহর ও জনপদে বসবাস করতেন। এখন তাঁদের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা উদ্বেগ তৈরি করছে।

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেসনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান বলেন, নিরাপত্তার কারণে সরকারি কর্মকর্তারা এমনিতেই সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকেন। নিরাপত্তাকর্মীদের পাহারায় তাঁদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়। এখন তাঁরা এমন এলাকায় বসবাস করছেন, যেখানে সাধারণ মানুষের প্রবেশের সুযোগও নেই। এতে জনসাধারণের সঙ্গে তাঁদের দূরত্ব আরও বাড়ছে।

বর্তমানে ট্রাম্প প্রশাসনে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারসহ কয়েকজন সামরিক আবাসনে থাকছেন।

সম্প্রতি জর্জটাউনের নিজস্ব বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন বেসেন্ট। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে নেতৃত্ব দেওয়ার কারণে তাঁর প্রাণনাশের হুমকি এসেছে বলে তিনি জানান। একইভাবে নিরাপত্তাঝুঁকির কারণে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে।

স্টিফেন মিলার ও তাঁর স্ত্রী ক্যাটি তাঁদের চার সন্তান নিয়ে ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে গত বছর সামরিক আবাসনে ওঠেন। তাঁদের বাড়ির বাইরে এক নারীর বিক্ষোভ এবং বাড়ির ঠিকানা প্রচার করে লিফলেট বিতরণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সামরিক আবাসনে বসবাসের জন্য কর্মকর্তাদের ভাড়া দিতে হয়। বাড়ির ধরন অনুযায়ী মাসে সাধারণত চার হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়।

তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আবাস সংস্কারে সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতির খবর প্রকাশের পর গত বছর সমালোচনা তৈরি হয়।

সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের বসবাসের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও। কংগ্রেস সদস্য জর্জ হোয়াইটসাইডসের উদ্যোগে হাউস আর্মড সার্ভিসেস কমিটি আগামী বসন্তের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছে। এতে কারা সামরিক আবাসনে থাকছেন, তাঁদের নিরাপত্তাঝুঁকির ধরন, বসবাসের আইনি ভিত্তি এবং ভাড়ার পরিমাণ তুলে ধরতে বলা হয়েছে।

২০০৮ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের আবাসনব্যবস্থাকে কেন্দ্র করে সামরিক ঘাঁটির বাড়িভাড়ার নিয়ম পরিবর্তন করা হয়। এরপর থেকে প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালদের ভাড়ার তুলনায় ৫ শতাংশ বেশি দিয়ে এসব বাড়িতে থাকতে পারেন। এতে ব্যক্তিগত বাড়িতে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার তুলনায় সরকারি অর্থ সাশ্রয় হয় বলে যুক্তি দিয়েছিল পেন্টাগন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

আদালতের আদেশের পর কোস্টা রিকার বিমানবন্দর ছাড়লেন জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ কোস্টা রিকার সান্তামারিয়া বিমানবন্দর ছেড়েছেন। দেশটিতে ঢুকতে বাধা পাওয়ার পর ত…

থ্যাংকসগিভিং ঝড়ের পর যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন আড়াই লাখের বেশি মানুষ, হাজারো ফ্লাইট বিঘ্নিত
আমেরিকা

থ্যাংকসগিভিং ঝড়ের পর যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন আড়াই লাখের বেশি মানুষ, হাজারো ফ্লাইট বিঘ্নিত

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির মধ্যে দুই উপকূলে তীব্র ঝড় আঘাত হানার পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল…

আমেরিকা

থ্যাংকসগিভিং ঝড়ের তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধীরে ধীরে ফিরছে বিদ্যুৎ

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভারী বৃষ্টি ও বন্যা কমতে শুরু করেছে। ছুটির মৌসুমের ঝড়ে প্রবল বাতাস, বৃষ্টি ও তুষারপাতের পর লাখ লাখ গ্রাহকের কাছে ধীরে ধীর…

তেল কোম্পানির সঙ্গে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চুক্তি নিয়ে বিতর্ক, প্রতিবাদে উপদেষ্টা পদ ছাড়লেন কাউন্টি কর্মকর্তা
আমেরিকা

তেল কোম্পানির সঙ্গে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চুক্তি নিয়ে বিতর্ক, প্রতিবাদে উপদেষ্টা পদ ছাড়লেন কাউন্টি কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের একটি তেল কোম্পানি ২০২৮ সালের অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে আয়োজনে সহায়তার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, যা ক্যালিফোর্নিয়ার করদাতাদের আর্থিক ঝুঁ…