ঘরোয়া লিগে ৫৫৫ রানের পর মিঠুনকে জাতীয় দলে ফেরানোর দাবি সুজনের, নির্বাচকদের স্বচ্ছ হতে বললেন

লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া লিগগুলোতে নিয়মিত রান করে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন। তাঁর দলের বাইরে থাকা নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। মিঠুনের প্রসঙ্গ টেনে তিনি নির্বাচকদের দল নির্বাচনে পুরোপুরি স্বচ্ছ থাকার পরামর্শ দিয়েছেন।
মিঠুনের নেতৃত্বে সবশেষ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতেছে খুলনা বিভাগ। দলকে চ্যাম্পিয়ন করার পথে সাত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৫৫ রান।
এ ছাড়া ২০২৬ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ঢাকা লেপার্ডসের হয়ে ১১ ম্যাচে ৩২১ রান করেছেন মিঠুন। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
মিঠুনের প্রসঙ্গ উঠতেই আজ সাংবাদিকদের সুজন বলেন, ‘মিঠুন তো অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। এটা তো সবাই আমরা স্বীকার করব। প্রমাণ করেছে যে, সে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেছে। ঘরোয়া লিগেও ভালোই ক্রিকেট খেলছে।’
সুজন আরও বলেন, ‘বয়সটা হয়তোবা একটু হয়েছে, কিন্তু মনে করি এখনো সে একজন ভালো কম্পিটিটর, ভালো ফাইটার। ওর ব্যাটিং নিয়ে কারোরই কোনো প্রশ্ন থাকে না।’
এরপর দল নির্বাচন নিয়ে নিজের আপত্তির কথা জানান সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, মিঠুনকে যার জায়গায় বা যেই পজিশনে নেওয়া হবে, সেখানে জায়গাটা খালি আছে কি না, সেটাও বড় ব্যাপার।
নির্বাচকদের উদ্দেশে সুজন বলেন, ‘দল নির্বাচন হতে হবে একদম স্বচ্ছ—মানে সবার জন্য যেন সমান নীতি থাকে। কাউকে অভিজ্ঞ বলে চালিয়ে দেবেন, আর কাউকে বলবেন যে না, সে এখনো প্রস্তুত না। তাহলে দলে নিলেন কেন?’
তিনি আরও বলেন, ‘যখন একটি ছেলেকে এতদিন পর নেবেন, তাহলে তাকে নেওয়ার আগে কী যুক্তিতে নিলেন আর কী যুক্তিতে বাদ দিচ্ছেন, এটা সত্যিই খুব সত্যি কথা।’ অর্থাৎ দলে নেওয়া ও বাদ দেওয়ার যুক্তি পরিষ্কারভাবে জানানোর দাবি তুলেছেন তিনি।




