শিশুদের জন্য ‘ভয়ংকর হুমকি’ বৈশ্বিক সাইবার অপরাধী নেটওয়ার্ক ‘দ্য কম’, সতর্ক করল এফবিআই

নামটি শুনতে নিরীহ—‘দ্য কম’, অর্থাৎ ‘কমিউনিটি’ শব্দের সংক্ষিপ্ত রূপ। কিন্তু বিশ্বজুড়ে অপরাধ তদন্তকারী সংস্থাগুলো সতর্ক করছে, তরুণ সাইবার অপরাধীদের এই নেটওয়ার্ক মোটেও নিরীহ নয়; তারা তাণ্ডব চালাচ্ছে এবং শিশুদের ভয়ংকর ঝুঁকির মুখে ফেলছে।
এফবিআইয়ের হিসাব অনুযায়ী, হাজারো মানুষ নিজেদের এই গোষ্ঠীর বর্তমান বা সাম্প্রতিক সদস্য বলে পরিচয় দেয়। গোষ্ঠীটির সঙ্গে মেয়েদের অশ্লীল ছবি ও ব্ল্যাকমেইলের ঘটনা জড়িত বলে সংস্থাটি জানিয়েছে।
তদন্তকারী সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী, ‘দ্য কম’ তরুণ সাইবার অপরাধীদের একটি বিস্তৃত ও ঢিলেঢালা বৈশ্বিক অনলাইন নেটওয়ার্ক। সাধারণ সদস্য একজন ১৬ থেকে ২৫ বছর বয়সী তরুণ; তারা মূলত ইংরেজিভাষী। তাদের অপরাধের পরিধি ব্যাপক—তথ্য চুরি, ক্রিপ্টো প্রতারণা, আইটি ব্যবস্থা অচল করে দেওয়া এবং নেটওয়ার্ক ধীর করে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
আবার বো–জ্যাক মেনসফোর্থের মতো কেউ কেউ দুর্বল কিশোরীদের লক্ষ্যবস্তু বানিয়ে নিজেদের ক্ষতি করতে কিংবা পোষা প্রাণীকে উৎসর্গ করতে উৎসাহিত করেছে।
অনেক ক্ষেত্রে অপরাধীরা মেয়েদের জোর করে নিজেদের অশ্লীল ছবি তুলতে বাধ্য করে এবং সেগুলো ছড়িয়ে দেয়। পুলিশ বলছে, তারা ‘সোয়াটিং’ ও ‘ডক্সিং’য়ের হুমকি দিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল ও ভয় দেখায়।
সোয়াটিং হলো ভুক্তভোগীর ঠিকানায় মিথ্যা ঘটনার খবর দিয়ে জরুরি সেবা সংস্থাকে ডেকে পাঠানো, যাতে তারা দলবল নিয়ে, কখনো সশস্ত্র অবস্থায়, হাজির হয়। আর ডক্সিং হলো কারও সব ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে দেওয়ার হুমকি।
শুক্রবার যুক্তরাজ্যের একজন বিচারক ‘দ্য কম’–এর অংশ হিসেবে তৎপরতার দায়ে বো–জ্যাক মেনসফোর্থকে কারাদণ্ড দিয়েছেন। তিনি উত্তর-পূর্ব ইংল্যান্ডে নিজের শোবার ঘর থেকে একা এসব কর্মকাণ্ড চালাতেন; তবে তাঁর মতো আরও হাজারো জন থাকতে পারে বলে মনে করা হচ্ছে, আর পুলিশ বাবা-মায়েদের সতর্ক থাকতে ও সন্তানদের ডিভাইস পরীক্ষা করতে অনুরোধ করেছে।
মেনসফোর্থের তদন্তের নেতৃত্ব দেওয়া নর্থামব্রিয়া পুলিশের ডিসিআই স্টিভ ব্রাউন বলেন, তারা প্রতিটি প্ল্যাটফর্মে সক্রিয়। তাঁর ভাষ্য, ‘তারা এমন মানুষদের লক্ষ্য করে যাদের দুর্বলতা আছে, যাদের কাউকে দরকার নিজেকে কাঙ্ক্ষিত ও মূল্যবান মনে করার জন্য। তারা সেই আস্থা অর্জন করে, তারপর সেই আস্থাকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করে ভয়ংকর কাজ করতে বলে।’
২০২৫ সালের জুলাইয়ে এফবিআই ‘দ্য কম’ নিয়ে প্রথম বড় ধরনের প্রকাশ্য সতর্কতা জারি করে; এর শিরোনাম ছিল: ‘চুরি, চাঁদাবাজি ও সহিংসতা—অনলাইনে তরুণদের জন্য বাড়তে থাকা হুমকি’। সংস্থাটি ‘দ্য কম’কে একটি ক্রমবর্ধমান ও বিবর্তনশীল অনলাইন হুমকি বলে বর্ণনা করে—‘মূলত ইংরেজিভাষী, আন্তর্জাতিক, পরস্পর সংযুক্ত একাধিক নেটওয়ার্কের একটি অনলাইন পরিবেশ, যার সদস্যরা, যাদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক, নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।’
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাজ্যে ‘কম’ নেটওয়ার্ক সম্পর্কে অভিযোগ বেড়েছে ছয় গুণ। সংস্থাটি সদস্যদের বর্ণনা দিয়েছে এভাবে—‘সাধারণত তরুণ পুরুষ, যাদের প্রেরণা মর্যাদা, ক্ষমতা, নিয়ন্ত্রণ, নারীবিদ্বেষ, যৌন তৃপ্তি কিংবা চরম বা সহিংস বিষয়ের প্রতি আসক্তি।’
অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় দাতব্য প্রতিষ্ঠান মলি রোজ ফাউন্ডেশন এ বছর ‘দ্য কম’ নিয়ে কঠোর প্রকাশ্য সতর্কতা জারি করে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রযুক্তি কোম্পানিগুলোর সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি বারোজ বলেন, ‘কম নেটওয়ার্কের বাড়তে থাকা হুমকি আজ অনলাইনে শিশুদের জন্য সবচেয়ে ভয়ংকর ও জরুরি হুমকি, এবং এর জন্য দ্রুত ও ব্যাপক পদক্ষেপ প্রয়োজন।’
এফবিআইয়ের মতে, ‘কম’ সদস্যদের প্রেরণা ভিন্ন ভিন্ন হলেও সাধারণত কয়েকটি ভাগে পড়ে: আর্থিক লাভ, প্রতিশোধ, মতাদর্শ, যৌন তৃপ্তি ও কুখ্যাতি। ব্রাউন বলেন, তারা নিয়ন্ত্রণ চাইত; মানুষকে এমন কাজ করিয়ে তারা আনন্দ পেত, যা তারা সাধারণত কখনোই করত না।
বিশ্বজুড়ে আদালতে ‘দ্য কম’–সংশ্লিষ্ট অপরাধীদের বিচার ক্রমেই বাড়ছে। সাজা ভিন্ন ভিন্ন হলেও আগস্টে যুক্তরাষ্ট্রের টেনেসিতে কাইল স্পিৎজে (২৭) নামের এক ব্যক্তিকে দেওয়া ৭৭ বছরের কারাদণ্ডের চেয়ে দীর্ঘ সাজা আর নেই বলে মনে করা হয়; প্রাণী পেষণের ভিডিও বিতরণে সহায়তা ও শিশু যৌন শোষণসামগ্রী–সংক্রান্ত অপরাধে তাঁকে এই সাজা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ‘বিশ্বজুড়ে তরুণ ও দুর্বল মানুষদের নিষ্ঠুর চাঁদাবাজির জন্য পরিচিত’ একটি অনলাইন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকেই স্পিৎজে এসব অপরাধ করেন।
এফবিআইয়ের মতো সংস্থাগুলো মানুষকে অনলাইনে পোস্ট করা বা বার্তা পাঠানোর সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।



