মুসিয়ালার চোট ও আড়াই কোটি ইউরোর চুক্তি নিয়ে বায়ার্নে প্রকাশ্য মতভেদ, পাশে দাঁড়ালেন অধিনায়ক কিমিখ
পেশির চোটে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এরই মধ্যে তাঁর চোট, পারফরম্যান্স ও বার্ষিক ২৫ মিলিয়ন ইউরোর চুক্তি নিয়ে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্য মন্তব্যে জার্মান ফুটবলে বিতর্ক তৈরি হয়েছে।
শুক্রবার বায়ার্নের মেডিকেল বিভাগ মুসিয়ালার উরুর পেশিতে চোট শনাক্ত করে। এরপর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তিনি অনির্দিষ্টকাল মাঠের বাইরে থাকবেন। এই চোটে ২০২৭ সালের শুরু পর্যন্ত তিনি ছিটকে যেতে পারেন, ফলে ২০২৬ সালে তাঁর আর মাঠে ফেরার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।
চলতি মৌসুমে স্নায়বিক সমস্যার কারণেও একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে। নতুন পেশির চোটের সঙ্গে সেই পুরোনো স্নায়বিক জটিলতাও যুক্ত হয়েছে বলে জানা গেছে।
বিতর্কের শুরু ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের মন্তব্য থেকে। বায়ার্ন প্রেসিডেন্ট উলি হোয়েনেস প্রশ্ন তুলেছেন, পারফরম্যান্স চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে ক্লাব বিষয়টি কীভাবে বিবেচনা করবে।
বোর্ড সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘আমাদের তার পরিবার, খেলোয়াড় এবং সর্বোপরি তার এজেন্সির সাথে কথা বলতে হবে। কারণ দুঃখজনক হলেও সত্যি, বর্তমান আর্থিক অঙ্কগুলো আর টেকসই নয়। দুর্ভাগ্যবশত, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, সে সম্ভবত তার আগের ফর্মে আর ফিরে আসতে পারবে না। আমরা সবাই চাই সে ফিরে আসুক, অবশ্যই সেরা শারীরিক অবস্থায়। কিন্তু যদি তা না হয়? সেক্ষেত্রে আমাদের আর্থিক দিকটি নিয়েও ভাবতে হবে।’
কর্মকর্তাদের এই প্রকাশ্য অবস্থানের বিরোধিতা করেছেন ক্লাব অধিনায়ক জশুয়া কিমিখ। একজন খেলোয়াড়ের স্বাস্থ্য ও চুক্তির বিষয় এভাবে জনসমক্ষে আনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
কিমিখ বলেছেন, ‘আমি যা বুঝতে পারছি না তা হলো, পুরো বিষয়টি যেভাবে জনসমুক্ষে আনা হয়েছে। কোনো খেলোয়াড়কে ক্ষতিগ্রস্ত করে এমন কিছু কখনোই হওয়া উচিত নয়। অবশ্যই, ক্লাব আমাদের খেলোয়াড়দের চেয়ে বড়, কিন্তু একজন মানুষের চেয়ে বড় নয়। এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের জন্য অশোভনীয়।’
অধিনায়ক আরও বলেছেন, খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হওয়াটা স্বাভাবিক এবং তা মেনে নেওয়া পেশারই অংশ, কিন্তু স্বাস্থ্য ও চুক্তির বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, যা জনসমক্ষে না এনে ক্লাবের অভ্যন্তরীণ পর্যায়েই সমাধান করা উচিত ছিল।



