ডিইএর টিপ লাইন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অভিযোগ মেক্সিকোর

যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন) একটি টিপ লাইন নিয়ে ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
টিপ লাইনটিতে অপরাধী ও দুর্নীতিবাজ মেক্সিকান কর্মকর্তাদের বিষয়ে বেনামে তথ্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে। শেইনবাউম এ উদ্যোগকে মেক্সিকোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।
প্রতিদিনের সংবাদ ব্রিফিংয়ে শেইনবাউম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট করে দিয়েছি—এ সম্পর্ক সমন্বয়ের, অধীনতার নয়।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কার্টেলগুলোর বিরুদ্ধে লড়াই জোরদার করতে মেক্সিকোর ওপর চাপ দিয়ে আসছে। মেক্সিকোর মাটিতে সেনা মোতায়েনের প্রকাশ্য প্রস্তাবও দেওয়া হয়েছে, যা শেইনবাউম প্রত্যাখ্যান করেছেন।
ডিইএ প্রধান টেরি কোল বুধবার নিজের এক্স অ্যাকাউন্টে ঘোষণা দেন, সিনালোয়ায় মনোনীত সন্ত্রাসী সংগঠনের সদস্য ও সহযোগী, তাদের সমর্থনকারী দুর্নীতিবাজ কর্মকর্তা, অপরাধী নেটওয়ার্ক এবং নার্কো-সন্ত্রাসে অর্থায়নের জন্য অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য পেতে বেনামি টিপ লাইন চালু করা হচ্ছে।
উত্তরাঞ্চলীয় সিনালোয়া রাজ্য মেক্সিকোর অন্যতম শক্তিশালী কার্টেল সিনালোয়া কার্টেলের ঘাঁটি। ওয়াশিংটন এ কার্টেলসহ আরও পাঁচটি মেক্সিকান অপরাধী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে। কোল জানিয়েছেন, হালিসকো রাজ্যের জন্যও টিপ লাইন চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
শেইনবাউম আবারও ওয়াশিংটনকে নিজ দেশের ভেতরে মাদক ব্যবহার মোকাবিলা ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নিজ জনগণের জন্য মাদক ব্যবহার মোকাবিলা করা এবং যুক্তরাষ্ট্রে সক্রিয় মাদক কার্টেলের সদস্যদের গ্রেফতার করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। দায়িত্ব শুধু মেক্সিকোর—এমন দৃষ্টিভঙ্গি চলতে পারে না।’
তিনি পুনরায় জানিয়েছেন, কার্টেলগুলোর বিরুদ্ধে লড়াই এবং যুক্তরাষ্ট্রে মাদক পৌঁছানো ঠেকাতে মেক্সিকো কাজ করে যাবে।
এ বিতর্ক শুরু হয়েছে মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সহায়তায় মেক্সিকোর বড় এক মাদক সম্রাটকে গ্রেফতারের পর। ওই অভিযানে যুক্তরাষ্ট্র মেক্সিকোর আকাশসীমায় নজরদারি ড্রোন উড়িয়ে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।
গ্রেফতার ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেস, যিনি ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত, সিনালোয়া কার্টেলের একটি অংশের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন এবং এফবিআইয়ের ‘টেন মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। দুই সরকারই তার গ্রেফতারকে উদ্যাপন করেছে।
যুক্তরাষ্ট্র ‘এল চাপো ইসিদ্রো’র প্রত্যর্পণ চেয়েছে। তবে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আর্নেস্তিনা গোদয় এ সপ্তাহে বলেছেন, ‘তার বিচার এই দেশেই হবে।’



