ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের আলোচনা, হুতি প্রশ্নে চাপে পাকিস্তান
ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা থামছে না, সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যেও সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্যদেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা আলোচনায় বসেছেন। শুক্রবার প্রথম দিনের আলোচনা হয়েছে; শনিবার শেষ দিনের আলোচনা হওয়ার কথা।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ৭ আগস্ট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করে ইসলামাবাদ, রিয়াদ ও আঙ্কারা। চুক্তি অনুযায়ী, জোটের সদস্য তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তি সইয়ের পর এ নিয়ে তৃতীয়বারের মতো বৈঠকে বসেছে দেশগুলো।
ইসলামাবাদের বৈঠকে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নিচ্ছেন। থাকছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।
সম্প্রতি এএফপিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। তাঁর ভাষায়, বিষয়টি একেবারেই স্পষ্ট।
কিন্তু সৌদি আরব হুতিদের হামলার শিকার হওয়ার পরও পাকিস্তান ও তুরস্ক সরাসরি প্রতিরোধে এগিয়ে আসেনি। ৯ অক্টোবর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানি সেনারা হুতিদের ওপর হামলা চালাতে ইয়েমেনে প্রবেশ করবে না।
মক্কা চুক্তির আগে গত এপ্রিলে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিমান ও সহায়ক সামরিক উড়োজাহাজসহ পাকিস্তানের একটি সামরিক দল দেশটিতে পৌঁছেছে। ২০২৫ সালে ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছায় দলটি।
সিডনিভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক মুহাম্মদ ফয়সাল বলেন, সৌদি আরবে থাকা পাকিস্তানি সেনাদের বড় একটি অংশই পুরোনো চুক্তির আওতায় রয়েছে। ইয়েমেনে সরাসরি অভিযান চালাতে পাকিস্তানকে কোনো চাপও দেয়নি রিয়াদ।
তবে রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের গবেষক উমের করিম মনে করেন, পাকিস্তানের এই অবস্থান সৌদি আরবের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয়। তাঁর ভাষায়, এখানেই দুই দেশের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। হুতিদের বিরুদ্ধে পাকিস্তান যত বেশি সামরিকভাবে জড়িয়ে পড়বে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের কূটনৈতিক ভূমিকা তত দুর্বল হবে; ইরান ও সৌদির মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হতে পারে, কারণ হুতিদের প্রধান সমর্থক ইরান।
২১ নভেম্বর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইয়েমেনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রিয়াদকে প্রতিরক্ষা সহায়তা দেওয়া হচ্ছে।
২৪ নভেম্বর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, হুতিদের হামলায় রিয়াদের একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে ১১ জন আহত হন। সৌদি সরকারের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে দেশটিতে হুতিদের সন্দেহভাজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ২৩ জনই বিমানবন্দরে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন।
এর আগে গত ৫ অক্টোবর রিয়াদে মক্কা চুক্তির সদস্যদেশগুলোর জরুরি বৈঠকে সদস্যদেশগুলোর মধ্যে সেনা ও সামরিক সক্ষমতা আদানপ্রদান এবং সৌদি আরবে সেগুলো দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়।
আঙ্কারাভিত্তিক বিশ্লেষক ও আটলান্টিক কাউন্সিলের গবেষক ওমের ওজকিজিলচিক মনে করেন, আপাতত এই জোট প্রতিরক্ষামূলক ভূমিকাতেই সীমাবদ্ধ থাকবে। এখন পর্যন্ত সৌদি আরব কেবল প্রতিরক্ষামূলক সহায়তাই চেয়েছে। তিনি আরও বলেন, মক্কা চুক্তিতে কোনো পরাশক্তি নেই; এটি মাঝারি শক্তির দেশগুলোর জোট হওয়ায় এর সামরিক ও শক্তি প্রয়োগের ক্ষমতা সব সময়ই সীমিত থাকবে।
গবেষক উমের করিম বলেন, ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক যোগাযোগ ব্যর্থ হলে পাকিস্তানের ওপর চাপ বাড়তে পারে। সেক্ষেত্রে হুতিদের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য রিয়াদ চাপ বাড়ালে ইরানের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। তাঁর ভাষায়, পাকিস্তানের জন্য দুই পক্ষের মধ্যে ভারসাম্য রাখা প্রতিদিনই কঠিন হয়ে উঠছে, যদিও পরিস্থিতি এখনো সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছায়নি।
ইরান সরাসরি সৌদি আরবে হামলা চালালে পাকিস্তান কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি খাজা আসিফ। তবে তিনি এ অঞ্চলের সম্ভাব্য হুমকি হিসেবে ইসরায়েলের নাম উল্লেখ করে বলেন, ইসরায়েলের দিক থেকে সংঘাত বা আগ্রাসনের আশঙ্কা রয়েছে, তাই এ অঞ্চলের দেশগুলোর নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।



