প্রথম সপ্তাহে বাইডেনের স্মৃতিকথার বিক্রি মাত্র ২১ হাজার, ওবামা-ক্লিনটনের ধারেকাছেও নয়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ প্রকাশের প্রথম সপ্তাহে প্রায় ২১ হাজার কপি বিক্রি হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান সারকানার হিসাবে এই সংখ্যা এসেছে।
বিক্রির এই সংখ্যা দিয়ে বইটি নিউইয়র্ক টাইমসের নন-ফিকশন বেস্টসেলার তালিকার শীর্ষে উঠেছে। তবে বিক্রির পরিমাণ তাঁর পূর্বসূরি বারাক ওবামা ও বিল ক্লিনটনের স্মৃতিকথার ধারেকাছেও পৌঁছায়নি।
সারকানা যুক্তরাষ্ট্রের মুদ্রিত বইয়ের বাজারের প্রায় ৮৫ শতাংশের বিক্রির হিসাব রাখে। সেই হিসাবেই বাইডেনের বইয়ের প্রথম সপ্তাহের বিক্রি ধরা পড়েছে।
গত সপ্তাহে প্রকাশিত বইটি সমালোচকদের কাছ থেকে মাঝারি ধরনের প্রতিক্রিয়া পেয়েছে। সমালোচকদের মতে, ক্ষমতায় থাকার সময় নিয়ে এবং বয়স ও স্বাস্থ্য নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে ২০২৪ সালে পুনর্নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে বইটিতে নতুন তেমন কিছু প্রকাশ পায়নি। নিউইয়র্ক টাইমসের পর্যালোচনার শিরোনাম ছিল, ‘২০২৪ নিয়ে ভাবনায় জো বাইডেন নিজের কোনো দোষ খুঁজে পাননি’।
বইটির প্রচারও ছিল সীমিত। ৮৪ বছর বয়সী বাইডেন চতুর্থ পর্যায়ের প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়ছেন, আর সেই কারণেই বিক্রি কম হয়েছে বলে মনে করা হচ্ছে।
তুলনায় ওবামার ‘আ প্রমিজড ল্যান্ড’ ২০২০ সালে প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে আট লাখের বেশি কপি বিক্রি হয়েছিল এবং সপ্তাহ শেষে তা ১০ লাখ ছাড়িয়ে যায়। ২০০৪ সালে প্রকাশিত ক্লিনটনের ‘মাই লাইফ’ প্রথম দুই সপ্তাহের মধ্যেই ১০ লাখ কপি বিক্রি ছাড়িয়েছিল।
শুধু জো বাইডেন নন, বাইডেন পরিবারের বইগুলো সাধারণভাবে অন্য প্রেসিডেন্ট পরিবারের বইয়ের তুলনায় কম আগ্রহ পেয়েছে। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনের জুনে প্রকাশিত ‘ভিউ ফ্রম দ্য ইস্ট উইং’ সারকানার হিসাবে প্রায় ৪৬ হাজার কপি বিক্রি হয়েছে। অন্যদিকে মিশেল ওবামা ও হিলারি ক্লিনটনের হোয়াইট হাউস-কেন্দ্রিক স্মৃতিকথা দুটিই প্রকাশের এক মাসের মধ্যে লাখ লাখ কপি বিক্রি হয়েছিল।
বইটির প্রকাশক লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি এক বিবৃতিতে বলেছে, বইটি নিউইয়র্ক টাইমসের নন-ফিকশন বেস্টসেলার তালিকার শীর্ষে ওঠায় তারা ‘অত্যন্ত গর্বিত’।



