মার্কিন রাষ্ট্রদূত হোয়েকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে কানাডার পার্লামেন্টে প্রায় ২ লাখ ৯০ হাজার স্বাক্ষরের আবেদন

কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হোয়েকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে প্রায় ২ লাখ ৯০ হাজার কানাডীয়র স্বাক্ষর করা একটি আবেদন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দেশটির হাউস অব কমন্সে উপস্থাপন করা হয়েছে। আবেদনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারকে হোয়েকস্ট্রাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে টানাপোড়েনেরই প্রকাশ।
গ্রিন পার্টির সদস্য এলিজাবেথ মে আবেদনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। ক্যালগারির এক নারীর উদ্যোগের পর ২০২৬ সালের জুলাইয়ে মে নিজেই এই আবেদনে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছিলেন। আবেদনে অভিযোগ করা হয়েছে, কানাডার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে হোয়েকস্ট্রা কানাডা-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ক্ষুণ্ন করেছেন।
আবেদনটি উপস্থাপনের সময় মে বলেন, ‘তিনি বারবার কানাডীয়দের প্রতি অবমাননাকর ও অপমানজনক আচরণ করেছেন।’ তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দূতকে কানাডার দেখা ‘সবচেয়ে অকূটনৈতিক কূটনীতিক’ বলে অভিহিত করেন।
আবেদনে বলা হয়েছে, কানাডার রাজনীতি নিয়ে হোয়েকস্ট্রার বারবার মন্তব্য কূটনৈতিক রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা দুই দেশের সম্পর্কের ক্ষতি করছে। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
কানাডায় হোয়েকস্ট্রা গভীরভাবে বিতর্কিত একজন ব্যক্তি, বিশেষ করে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ট্রাম্পের ইচ্ছার প্রতি তাঁর প্রতিক্রিয়ার কারণে। গত বছর মিশিগানের একটি রেডিও স্টেশনকে তিনি প্রেসিডেন্টের এই বক্তব্যকে ‘স্নেহের প্রকাশ’ বলে বর্ণনা করেছিলেন এবং কানাডীয়রা কেন এটিকে ‘উদার প্রস্তাব’ হিসেবে না দেখে ক্ষুব্ধ হলো, সে প্রশ্ন তুলেছিলেন।
হোয়েকস্ট্রা কানাডার ২০২৫ সালের ফেডারেল নির্বাচনকেও ‘আমেরিকা-বিরোধী’ বলে বর্ণনা করেছিলেন; ওই নির্বাচনে প্রধানমন্ত্রীর লিবারেল পার্টি পিছিয়ে থাকা অবস্থা থেকে নাটকীয়ভাবে ফিরে এসে জয়ী হয়েছিল। তিনি আরও ইঙ্গিত দিয়েছিলেন, এ মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা খারাপ ফল করলে তার জন্য কানাডাকে দায়ী করা যেতে পারে। এ মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কার্নি জবাব দেন, ‘এটা বিষয়টিকে উপস্থাপনের একটা মজার ধরন।’
নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে, যার মধ্যে মিশিগান ও মেইনের মতো সীমান্তবর্তী অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট আসনও রয়েছে; ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে তিক্ত শুল্কযুদ্ধে এসব এলাকার বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গত মাসে কার্নি বলেন, আমেরিকান শুল্ক আমেরিকান ও কানাডীয়—দুই দেশের পরিবারেরই ক্ষতি করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে অটো রপ্তানি এ পর্যন্ত ১০ শতাংশ কমেছে এবং কানাডায় মার্কিন রপ্তানি ২০ শতাংশের বেশি কমেছে। কার্নি বলেন, ‘মার্কিন শুল্ক দশকের পর দশক ধরে চলা একটি বাণিজ্য-বোঝাপড়াকে ওলটপালট করে দিয়েছে। এতে আমেরিকান পরিবারের খরচ বেড়েছে, আর অন্টারিওর শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো অসুবিধা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।’
হোয়েকস্ট্রা কানাডার বিরুদ্ধে মার্কিন নির্বাচনে সম্ভাব্য ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ অভিযোগও তুলেছিলেন; কার্নি বলেছেন, এই দাবির ‘কোনো ভিত্তি নেই’। তুরস্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের দূত এটাকেই নিজের ভূমিকা মনে করে এমন ইঙ্গিত দিচ্ছেন—এতে আমি হতাশ।’
মে-এর উপস্থাপন করা আবেদনের আনুষ্ঠানিক জবাব কানাডা সরকারকে দিতেই হবে, তবে আবেদনটি বাধ্যতামূলক নয়। সিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মে বলেন, তাঁর ধারণা, সরকার সম্ভবত বলবে, ‘না, আমরা পিট হোয়েকস্ট্রাকে পারসোনা নন গ্রাটা ঘোষণা করে তাঁর কূটনৈতিক স্বীকৃতি কেড়ে নিতে প্রস্তুত নই।’
তবু মে আশা করেন, এই আবেদন ট্রাম্পকে ইঙ্গিত দেবে যে কানাডা সরকারের পেছনে তার ভোটারদের সমর্থন রয়েছে। তাঁর আশা, ট্রাম্পের মেয়াদের দ্বিতীয়ার্ধে কংগ্রেসে ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাকায় সরকার এই সমর্থনকে ট্রাম্পের সঙ্গে দর-কষাকষিতে কাজে লাগাতে পারবে।



