বিরোধীদের পদে বসা নিষিদ্ধ করা আইন বাতিল করছে ভেনেজুয়েলা
ভেনেজুয়েলা সেই আইনটি বাতিল করতে যাচ্ছে, যার মাধ্যমে বিরোধী রাজনীতিকদের সরকারি পদে বসা নিষিদ্ধ করা হয়েছিল। দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ এই ঘোষণা দিয়েছেন।
২০২৪ সালে অনুমোদিত এই আইনটি রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ করে দিয়েছে বলে সমালোচিত ছিল। আইনটির লক্ষ্য ছিল যাঁরা দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রচার করেছেন বা সমর্থন দিয়েছেন, তাঁরাই।
বৃহস্পতিবার রদ্রিগেজ বলেন, ‘ওই আইনটি ভেনেজুয়েলার একটি খুব নির্দিষ্ট মুহূর্ত ও বিশেষ পরিস্থিতির জবাব ছিল।’
বিতর্কিত এক নির্বাচনের পরপরই আইনটি পাস হয়েছিল। ব্যাপক জালিয়াতির অভিযোগের মধ্যেও সেই নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শেষ পর্যন্ত জয়ী হন।
জানুয়ারিতে মার্কিন বাহিনীর হাতে মাদুরো অপহৃত হওয়ার পর থেকে ভেনেজুয়েলা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান সংসদপ্রধানের বোন দেলসি রদ্রিগেজ। সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া ভাষণে দেলসি প্রতিশ্রুতি দিয়েছিলেন, দক্ষিণ আমেরিকার দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে — তবে কোনো তারিখ দেননি।
এর পর থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারটি ওয়াশিংটনের বাছাই করা বিরোধী দলের একাংশের সঙ্গে রাজনৈতিক উত্তরণ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। হোর্হে রদ্রিগেজের ভাষ্য অনুযায়ী, সেই সংলাপে এখন বাতিল হতে যাওয়া আইনটিসহ কয়েকটি আইন পর্যালোচনার বিষয়ে সমঝোতা হয়েছে।
ঘোষণাটি এসেছে বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর দেশে ফেরার এক মাস পর। মাচাদো ২০২৩ সালে বিরোধী দলের প্রাথমিক বাছাইয়ে জিতে পরের বছরের নির্বাচনে মাদুরোর মুখোমুখি হওয়ার কথা থাকলেও আইনগতভাবে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
নোবেল শান্তি পুরস্কারজয়ী মাচাদো উত্তরণ-আলোচনা থেকে বাইরে থাকলেও নির্বাচন হলে তিনি প্রার্থী হবেন বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার মাচাদো পাড়া-মহল্লাভিত্তিক সমাবেশের একটি ব্যবস্থা চালু করেছেন, যার লক্ষ্য ভবিষ্যতের সরকারের কর্মসূচি ও গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রস্তাব সংগ্রহ করা। তাঁর দলের তথ্য অনুযায়ী, কয়েক মাস ধরে চলা এই সমাবেশে দশ লাখের বেশি মানুষ একত্র হবেন বলে আশা করা হচ্ছে।
প্রথম দিনেই ভেনেজুয়েলা ও বিদেশে বাসিন্দাদের নিয়ে প্রায় ২ হাজার সভা আয়োজিত হয়েছে বলে তাঁর দল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
প্রতিটি সমাবেশে ১৯টি প্রশ্ন করা হয় এবং উত্তরগুলো একটি ডিজিটাল প্ল্যাটফর্মে জমা হয়। জাতীয় গুরুত্বের বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ, বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, মজুরি ও পেনশন ব্যবস্থার পরিবর্তন এবং সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবারের সভাগুলোর পর মাচাদো বলেন, ‘আমরা প্রতিবেশীদের কথা শুনেছি, যাঁরা এমন সব বাধা ভাঙছেন যা অনেকে অসম্ভব মনে করেছিলেন; যেসব বিষয় আগামীর ভেনেজুয়েলার ভিত্তি গড়বে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা গণতন্ত্রে উত্তরণের নকশা তৈরি করছি, ভেনেজুয়েলার নিজের পথে।’


