আপিল বিভাগে ঝুলছে ৪০ হাজারের বেশি মামলা, বিচারপতি মাত্র ৫ জন, চলছে একটিমাত্র বেঞ্চ

বিচারপতি সংকটে দেশের সর্বোচ্চ আদালতে মামলাজট ক্রমেই বাড়ছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে, অথচ বিচারপতি আছেন মাত্র পাঁচজন। সংকটের কারণে একাধিক বেঞ্চও গঠন করা যাচ্ছে না — একটিমাত্র বেঞ্চেই চলছে বিচারকাজ।
সুপ্রিম কোর্টে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ২৩ হাজার ৬৪৫টি, ফৌজদারি মামলা ১৬ হাজার ৭৪টি এবং অন্যান্য মামলা ২৯১টি।
বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা মাত্র পাঁচজন। এর মধ্যে বিচারপতি হাবিবুল গণি শপথ নিয়েছেন গত ৩০ আগস্ট। এর আগে আপিল বিভাগে সর্বোচ্চ ১১ জন বিচারপতি ছিলেন এবং তিনটি পর্যন্ত বেঞ্চ গঠন করা হয়েছিল।
আইনজীবীরা জানান, অনেক গুরুত্বপূর্ণ মামলাও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিচারপতি সংকটের কারণে একাধিক বেঞ্চ গঠন করা যাচ্ছে না। তাই মামলাজট কমাতে দ্রুত আপিল বিভাগে বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা। সবশেষ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতেও বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের নেতারা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচারপতির অভাবে আপিল বিভাগ অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। আগে তিনটি বেঞ্চ ছিল, এখন মাত্র একটি বেঞ্চ। জরুরি অনেক মামলাও শুনানি করা যাচ্ছে না, এতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁর মতে, আপিল বিভাগে আরও অন্তত পাঁচ-ছয়জন বিচারপতি নিয়োগ করা উচিত; সেই সঙ্গে হাইকোর্ট বিভাগেও বিচারপতি বাড়ানো উচিত।
বার সভাপতির সঙ্গে একমত পোষণ করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলও। তিনি বলেন, আপিল বিভাগে বিচারকের সংকট রয়েছে। তবে কেবল সংখ্যা বাড়ালেই সমস্যার সমাধান হবে না — এর জন্য অবশ্যই সৎ, দক্ষ ও কর্মঠ বিচারপতি প্রয়োজন। রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আপিল বিভাগে প্রয়োজনীয়সংখ্যক বিচারপতি নিয়োগ দিতে গত ২২ জুলাই রাষ্ট্রপতির কাছে আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, বিচারপতি সংকটে অনেক গুরুত্বপূর্ণ মামলাও শুনানি করা যাচ্ছে না, মামলাজট বাড়ছে; কোনো মামলায় আপিল শুনানি করতে হলে কয়েক বছর লেগে যাচ্ছে। তাই দ্রুত আপিল বিভাগে প্রয়োজনীয়সংখ্যক দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া দরকার।
এদিকে সুপ্রিম কোর্টের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, প্রয়োজনীয়সংখ্যক বিচারপতি নিয়োগ এবং আইনজীবীদের পেশাগত মৌলিক সুযোগ-সুবিধা বাড়ানোর নির্দেশনা চেয়ে হুমায়ুন কবির পল্লবসহ ২৬ জন আইনজীবী রিট করেছেন। ৩ নভেম্বর করা ওই রিটে বলা হয়, প্রতিবছর দায়ের হওয়া মামলার বিপরীতে হাইকোর্ট বিভাগে প্রায় ৩৫ শতাংশ এবং আপিল বিভাগে মাত্র ১৮ শতাংশ মামলা নিষ্পত্তি হচ্ছে।
হুমায়ুন কবির পল্লব বলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকট রয়েছে। বিচারপতি নিয়োগ চেয়ে করা রিট আবেদনটির প্রাথমিক শুনানি হয়েছে; হাইকোর্ট তিন মাস শুনানি মুলতবি করেছেন। তিন মাস পর এটি আবারও শুনানির জন্য আসবে বলে তিনি আশা করেন।
সুপ্রিম কোর্টের যাত্রা শুরু হয়েছিল ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সমন্বয়ে। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর চারজন বিচারপতিকে নিয়ে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। সে সময় আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪ হাজার ৫৬টি এবং দেশের জনসংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৪৩ লাখ। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৮১ লাখ, আর আপিল বিভাগে বিচারাধীন মামলা ৪০ হাজার ছাড়িয়েছে।




