থ্যাংকসগিভিংয়ে নেটফ্লিক্সের পোস্ট নিয়ে ক্ষোভ জানালেন ট্রাম্প জুনিয়র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র থ্যাংকসগিভিং দিবসে নেটফ্লিক্সের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে নেটফ্লিক্সের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে তাদের ধারাবাহিক ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর একটি উত্তেজক দৃশ্যের ভিডিও পোস্ট করা হয়।
পোস্ট করা ভিডিওতে ধারাবাহিকটির প্রধান দুই অভিনেত্রী ব্রিটানি স্নো ও মালিন আকারম্যানের একটি শয়নকক্ষের দৃশ্য ছিল। ভিডিওটির সঙ্গে নেটফ্লিক্স লিখেছিল, ‘দিস থ্যাংকসগিভিং প্লেট’। ধারাবাহিকটির সর্বশেষ মৌসুমের প্রচারের অংশ হিসেবেই এই পোস্ট দেওয়া হয়েছিল।
পারিবারিক মিলনমেলার এই ছুটির দিনে এমন পোস্ট অনেকের কাছেই রুচিহীন মনে হয়েছে। ট্রাম্প জুনিয়র এক্সে লিখেছেন, ‘তোমাদের সমস্যাটা কী??? এটা থ্যাংকসগিভিং।’ শুক্রবার পর্যন্ত পোস্টটি প্রায় সাড়ে তিন কোটি বার দেখা হয়েছে।
নেটফ্লিক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মে কবের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে তৈরি ‘দ্য হান্টিং ওয়াইভস’ ধারাবাহিকের গল্পে এক নারী পরিবারসহ বোস্টন থেকে টেক্সাসে চলে যান। সেখানে তিনি এক সমাজসেবী নারীর ঘনিষ্ঠ হয়ে পড়েন এবং ক্রমে আবেগ, প্রলোভন ও হত্যাকাণ্ডের জালে জড়িয়ে যান।
বিতর্ক নিয়ে চলচ্চিত্র সমালোচক ও ‘হলিউড ইন টোটো’ পডকাস্টের উপস্থাপক ক্রিশ্চিয়ান টোটো ফক্স নিউজ ডিজিটালকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলোর সতর্ক থাকা উচিত, কিন্তু নেটফ্লিক্স সেই পরামর্শ সব সময় মানে না। তাঁর ভাষায়, ধারাবাহিকটি ঘিরে নেটফ্লিক্সের এই পোস্ট ডিজিটাল রুচিহীনতার প্রকৃষ্ট উদাহরণ।
টোটো আরও বলেন, নেটফ্লিক্স পরিবারবান্ধব কোম্পানি না হলেও এ ধরনের যৌন আবেদনময় পোস্ট একটি বড় করপোরেশনের জন্য মানানসই নয়; নিজেদের কনটেন্ট সৃজনশীলভাবে তুলে ধরার আরও অনেক উপায় ছিল, কিন্তু নেটফ্লিক্স ভুল পথ বেছে নিয়েছে এবং সময়টাও ছিল সবচেয়ে খারাপ। ফক্স নিউজ ডিজিটাল নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব পায়নি।



