ক্যালিফোর্নিয়ায় নতুন আইন: পাঁচ ধাপের সিট বেল্ট পরীক্ষায় না পাস করলে ১৬ বছর পর্যন্ত বুস্টার সিটে বসতে হতে পারে কিশোরদের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন বছরের শুরু থেকে গাড়িতে শিশু-কিশোরদের বসার নিয়ম কঠোর হচ্ছে। নতুন আইন অনুযায়ী, বুস্টার সিট ছাড়া বা গাড়ির সামনের আসনে বসতে হলে অপ্রাপ্তবয়স্কদের পাঁচ ধাপের সিট বেল্ট ফিট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আগের নিয়মে আট বছর বা তার বেশি বয়সী শিশুরা, অথবা যাদের উচ্চতা অন্তত ৪ ফুট ৯ ইঞ্চি, তারা বুস্টার সিট ছাড়াই গাড়িতে বসতে পারত। নতুন আইন অ্যাসেম্বলি বিল ৪৩৫ অনুযায়ী, ৮ থেকে ১৫ বছর বয়সীরা নিয়মিত সিট বেল্ট ব্যবহার করে বুস্টার ছাড়া বসতে পারবে কেবল তখনই, যখন তারা পাঁচটি মানদণ্ডের সব কটিতেই উত্তীর্ণ হবে।
বিলটির প্রস্তাবক অ্যাসেম্বলি সদস্য লরি উইলসন। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেছেন, মহামারির পর থেকে দুর্ঘটনায় শিশুদের আহত ও নিহত হওয়ার সংখ্যা বেড়েছে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুরা।
উইলসন ২০২৫ সালের এপ্রিলে বিলটি নিয়ে বলেছিলেন, গাড়িতে শিশুকে নিরাপদ রাখার সবচেয়ে ভালো উপায়ের সঙ্গে আইনের নিয়ম মিলিয়ে নেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য। তাঁর ভাষায়, গাড়ির আসনের ধরনভেদে শিশুর বসার ভঙ্গি ভিন্ন হয়, সে বিষয়টিই বিবেচনায় নেওয়া হয়েছে; এটি শিশুদের ছোট করে দেখার বিষয় নয়, বরং দুর্ঘটনা ঘটলে তারা যেন নিরাপদ থাকে, সেটাই মূল কথা।
ক্যালম্যাটার্সের প্রতিবেদন অনুযায়ী উইলসনের বক্তব্য, বুস্টার সিট ব্যবহারের বাধ্যতামূলক বয়স বাড়ানো এবং সহজ একটি পরীক্ষা চালু করা হলে শিশুদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
শিশুদের গাড়ির আসন ও বুস্টার সিটের ভুল ব্যবহার এখনও ব্যাপক বলে ফেডারেল ও শিল্প খাতের গবেষণায় উঠে এসেছে। ২০১১ সালের ন্যাশনাল চাইল্ড রেস্ট্রেইন্ট ইউজ স্পেশাল স্টাডিতে দেখা গেছে, ৪৬ শতাংশ গাড়ির শিশু আসন ও বুস্টার সিটে অন্তত একটি বড় ধরনের স্থাপন বা ব্যবহারজনিত ভুল ছিল, যা দুর্ঘটনায় সেগুলোর কার্যকারিতা কমিয়ে দিতে পারে।
ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, প্রায় সব আসনেই কোনো না কোনো ধরনের ভুল ব্যবহার পাওয়া গেছে। আর এএএ ও ন্যাশনাল সেফটি কাউন্সিলের ২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে, শিশু যাত্রী নিরাপত্তা প্রযুক্তিবিদদের কাছে পরীক্ষার জন্য আনা গাড়ির আসনের অর্ধেকের বেশি ভুলভাবে স্থাপন বা ব্যবহার করা হয়েছিল, এবং মাত্র প্রতি পাঁচজন অভিভাবক ও পরিচর্যাকারীর একজন বিশেষজ্ঞের সাহায্য নিয়েছিলেন।



