বিদ্যুতের রেকর্ড বিল আর জীবনযাত্রার ব্যয়ে ক্ষুব্ধ হাজারো মানুষের বিক্ষোভ পুয়ের্তো রিকোয়
পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। রেকর্ড উচ্চ বিদ্যুৎ বিল, জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি, মৌলিক সেবার অবনতি ও আরও নানা ইস্যুতে ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের এই ভূখণ্ডে।
অবসরপ্রাপ্ত ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাসচালকসহ নানা পেশার মানুষ এই বিক্ষোভে যোগ দেন। শ্রমিক সংগঠন থেকে ধর্মীয় সংগঠন পর্যন্ত প্রায় ৩০টি গোষ্ঠী এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভকারীরা একটি শপিং মলের সামনে জড়ো হন; আয়োজকেরা এই দিনের নাম দিয়েছেন ‘জাতীয় ক্ষোভের দিন’।
দ্বীপের বিভিন্ন শহর ও জনপদ থেকে শত শত বিক্ষোভকারী বাসে করে সান হুয়ানে আসেন। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ বড় হতে থাকে। একপর্যায়ে বিক্ষোভকারীরা দ্বীপের অন্যতম প্রধান মহাসড়ক দখল করে নিলে সেটি বন্ধ করে দিতে হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আয়োজকেরা ধারণা দিয়েছেন, প্রায় ৮ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে গভর্নর জেনিফার গনজালেজ দায়িত্ব নেওয়ার পর এটি পুয়ের্তো রিকোর অন্যতম বড় বিক্ষোভ।
পুয়ের্তো রিকোর সমস্যা কী, জানতে চাইলে ৭৪ বছর বয়সী রাদামেস গার্সিয়া বাদিইয়ো বলেন, ‘কোথা থেকে শুরু করব? ক্ষোভ একদম চরমে।’ তিনি বলেন, বিদ্যুৎ ও পানির সেবা নির্ভরযোগ্য নয়; তাঁর এলাকায় সপ্তাহে অন্তত একবার কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ চলে যায়। জীবনযাত্রার ব্যয়ের তীব্র বৃদ্ধিরও নিন্দা করেন তিনি।
গার্সিয়া বাদিইয়ো আরও বলেন, ‘সবকিছু অত্যন্ত দামি হয়ে যাওয়ায় আমরা আগের চেয়ে কম কিনছি। আমাদের মতো অবসরপ্রাপ্তদের জন্য প্রতিটি ডলার টেনে চলা জরুরি।’
ভিজ্যুয়াল আর্টসের শিক্ষার্থী ভেরোনিকা ইশতার বলেন, ‘পুয়ের্তো রিকোতে অবস্থা কখনোই ভালো ছিল না, কিন্তু তা আরও খারাপ হচ্ছে।’ তিনি জানান, শুধু এই সপ্তাহেই তাঁর এলাকায় ১২ বার বিদ্যুৎ গেছে।
সম্প্রতি কিছু আবাসিক গ্রাহকের মাসিক বিদ্যুৎ বিল প্রায় ১৮ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, প্রতি কিলোওয়াট-ঘণ্টার নতুন হার যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের আবাসিক গ্রাহকদের গড় হারের চেয়ে অনেক বেশি।
অনেক বিক্ষোভকারী বিদ্যুৎ পরিস্থিতির জন্য লুমা এনার্জিকে দায়ী করেন। বেসরকারি এই কোম্পানিটি দ্বীপে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের তদারকি করে। বুধবার পুয়ের্তো রিকোর সুপ্রিম কোর্ট লুমার সঙ্গে সরকারের চুক্তি বাতিলের পদক্ষেপ অনুমোদন দিয়েছেন। তবে এরপর কী হবে, তা নিয়ে এখন অনেকেই উদ্বিগ্ন।
পুয়ের্তো রিকোর অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজ বলেছে, এই বাতিল বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে এবং চলমান প্রকল্পগুলোকে ঝুঁকিতে ফেলতে পারে। ২০১৭ সালে হারিকেন মারিয়ায় বিধ্বস্ত বিদ্যুৎ গ্রিড মেরামতে এখনো কাজ চলছে।
বিক্ষোভে অনেকেই পুয়ের্তো রিকোর পতাকা নাড়ছিলেন বা গায়ে জড়িয়ে রেখেছিলেন। কেউ কেউ বেছে নিয়েছিলেন ১৯৫২ সালে দ্বীপটি যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ হওয়ার আগের পতাকা, যা প্রায়ই সাংস্কৃতিক গর্ব এবং কখনো কখনো প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হয়।
বিক্ষোভের আয়োজক কয়েকটি গোষ্ঠীর নেতারা পরিবর্তনের জন্য চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। সিয়েরা ক্লাব পুয়ের্তো রিকোর নির্বাহী পরিচালক হার্নালিজ ভাজকেজ বলেন, ‘আমাদের ক্ষোভকে সঠিক পথে চালিত করা শুরু করতে হবে। যাঁরা জানেন না কী করতে হবে, তাঁদের ক্ষোভকে সংগঠিত করতে হবে।’


