ওয়াশিংটনের রিগান বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের দুই উড়োজাহাজের ডানায় ধাক্কা, আহত কেউ নেই

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ডানায় ডানায় ধাক্কা লেগেছে। শুক্রবার উড্ডয়নের জন্য সারিতে অপেক্ষা করার সময় ঘটনাটি ঘটে। দুটি উড়োজাহাজই নিজ নিজ গেটে ফিরে গেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ডালাসগামী আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৬৩৮ বিকেল প্রায় ৫টা ১০ মিনিটে উড্ডয়নের সারিতে অপেক্ষার সময় শিকাগোগামী ফ্লাইট ২১৫২-এর ডানায় ধাক্কা দেয়।
মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি (এমডব্লিউএএ) জানিয়েছে, গেটে ফেরার পর বিমানবন্দরের ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা দুটি উড়োজাহাজই পরীক্ষা করেছেন।
আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। পরীক্ষা-নিরীক্ষার জন্য দুটি উড়োজাহাজই সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রক্ষণাবেক্ষণ দল সেগুলো পরীক্ষা করছে।
এক বিবৃতিতে এয়ারলাইনটি বলেছে, ‘অসুবিধার জন্য আমরা আমাদের গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে কাজ করছি।’
এমডব্লিউএএ জানিয়েছে, ছুটির ব্যস্ত সপ্তাহান্তে এই ঘটনায় অন্য কোনো ফ্লাইট ব্যাহত হয়নি। এয়ারলাইনটি জানিয়েছে, দুই ফ্লাইটের যাত্রীরাই শুক্রবার সন্ধ্যায় আবার যাত্রা করবেন। এফএএ ঘটনাটি তদন্ত করবে।
একই বিমানবন্দরে ২০২৫ সালের এপ্রিলেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি উড়োজাহাজের ডানায় আরেকটি উড়োজাহাজ ধাক্কা দেয়। সেই উড়োজাহাজে কয়েকজন মার্কিন আইনপ্রণেতা এবং গাজার সাবেক দুই জিম্মি ছিলেন। সেবারও কেউ আহত হননি।
ওই ফ্লাইটে থাকা প্রতিনিধি নিক লালোতা তখন সামাজিক মাধ্যমে লিখেছিলেন, রানওয়েতে স্থির থাকা অবস্থায় আরেকটি উড়োজাহাজ এসে তাঁদের ডানায় ধাক্কা দিয়েছে। তাঁর কার্যালয় তখন জানিয়েছিল, একই ধরনের ঘটনা ঠেকাতে শক্তিশালী বিমান চলাচল তদারকি ও জননিরাপত্তা জোরদারের পক্ষে তিনি কংগ্রেসে কাজ করবেন। ২০২৫ সালের এপ্রিলের ওই ঘটনায় জড়িত দুটি উড়োজাহাজও আমেরিকান এয়ারলাইনসের ছিল।



