নিষেধাজ্ঞার মধ্যেই নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ, ভারতে বিতর্ক ও হুঁশিয়ারি

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গানের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা থাকলেও আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেত লো’। ট্রেলার প্রকাশের পর থেকে ভারতে এর মুক্তি আটকে দেওয়ার দাবি জোরালো হয়েছে।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশনা (অপারেশন সিঁদুর চলাকালে দেওয়া) মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছে নেটফ্লিক্সকে। ওই নির্দেশনায় ভারতের ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট প্রচার বন্ধের আহ্বান জানানো হয়েছিল। ভারতে ২০২৫ সালের মে মাস থেকে পাকিস্তানি নাটক, সিনেমা ও গানের ওপর এই আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি রয়েছে।
নেটফ্লিক্সকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের চলচ্চিত্রকর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। প্রায় ৫ লাখ কর্মীর প্রতিনিধিত্বকারী সংগঠনটির সভাপতি বি এন তিওয়ারি জানান, নেটফ্লিক্স যদি ভারতে সিরিজটি মুক্তি দেয়, তবে তারা সারা দেশে নেটফ্লিক্সের সব প্রজেক্ট থেকে নিজ নিজ কর্মীদের প্রত্যাহার করে নেবে এবং প্রতিটি লোকেশনে শুটিং বন্ধ করে দেবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে ভারতে পাকিস্তানি শিল্পী ও কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছেন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত।
তবে এসব বিতর্ক ও নিষেধাজ্ঞার দাবির মাঝেই সিরিজটি নিয়ে ভারতীয় দর্শকদের আগ্রহ তুঙ্গে। ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ ও হানিয়া আমিরের মতো জনপ্রিয় তারকাদের একসঙ্গে পর্দায় দেখার কৌতূহল সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।
শুধু নেটফ্লিক্সের এই সিরিজ নয়, পাকিস্তানি টিভি নাটক নিয়েও ভারতে উন্মাদনা কম নয়। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি ড্রামা ‘দার-এ-নিজাত’-এর একটি ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জন দর্শকের জন্য আয়োজিত ওই প্রদর্শনীতে অংশ নিতে সাত শতাধিক অনুরোধ পেয়ে অবাক হয়ে যান তিনি। ভারতের বিভিন্ন শহরে নাটকটি ঘিরে ওয়াচ পার্টি ও দলবদ্ধ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
বেঙ্গালুরুতে ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর এমন দুটি ঘরোয়া প্রদর্শনী হওয়ার কথা থাকলেও তা বাতিল করে দিয়েছে পুলিশ। বেঙ্গালুরু সিটি পুলিশের প্রধান কমিশনার আর হিতেন্দ্র জানান, পুলিশ আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য নিচ্ছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব কড়াকড়িতেও নাটকটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘাত হয়। এরপরই জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইউটিউবসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ করে নয়াদিল্লি। তবে ইউটিউবে পাকিস্তানি চ্যানেলগুলো জিও-ব্লক করা হলেও ভিপিএনের মাধ্যমে সহজে তা এড়ানো যাচ্ছে। পর্যবেক্ষণ সংস্থা টপটেনভিপিএনের তথ্যমতে, ২০২৫ সালের ৮ মে নিষেধাজ্ঞা জারির দিনেই ভারতে ভিপিএন সার্চ ৭২ শতাংশ বেড়ে গিয়েছিল।
দার-এ-নিজাত নাটকের সম্প্রচারক চ্যানেল এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জার্জিস সেজা জানান, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। তাঁর ভাষায়, ‘এই যুগে আপনি কনটেন্ট দেখার পথ কঠিন করতে পারেন, কিন্তু তা পুরোপুরি আটকে রাখতে পারবেন না।’ এর আগে ২০২২ সালে ‘তেরে বিন’ এবং ২০২৪ সালে ‘কাভি ম্যায় কাভি তুম’ নাটক দুটিও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা মনে করেন, গত কয়েক বছরে পাকিস্তানি নাটক, গান ও কনটেন্টের প্রসারের ফলে দুই দেশের মানুষের মধ্যকার দীর্ঘদিনের গতানুগতিক ধারণাগুলো ভাঙতে শুরু করেছে। পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা কখনোই পুরোপুরি সফল হয় না। তিনি বলেন, ‘প্রযুক্তির পরিবর্তনের ফলে সীমান্ত ও নিষেধাজ্ঞা—দুই-ই এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। পাকিস্তানও একসময় দশকের পর দশক ভারতীয় সিনেমা নিষিদ্ধ রেখেছিল, কিন্তু পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে সেখানে বলিউড ঠিকই জনপ্রিয় ছিল। দুই দেশ চাইলে বা না চাইলেও সংস্কৃতি সব সময় ভারত ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে এক বিশাল সেতুবন্ধ হিসেবে কাজ করেছে।’



