আদালতের বাইরেই শ্যাটো মিরাভাল বিরোধ মিটিয়ে নিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
ফ্রান্সের ঐতিহাসিক আঙুর ক্ষেত ও ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’ নিয়ে আদালতে চলমান বিরোধ অবশেষে আদালতের বাইরেই মিটিয়ে নিয়েছেন হলিউডের দুই তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। গত বছরের শেষ দিকে আট বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পরও এই বিরোধটি চলছিল।
বুধবার তাঁদের প্রতিনিধিদের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের পরিবারের সর্বোত্তম স্বার্থের কথা বিবেচনা করে আমরা আদালতের বাইরেই বিষয়টির মীমাংসা করে নিয়েছি এবং এ নিয়ে আর কোনো মন্তব্য করব না।’
একই সঙ্গে সংবাদমাধ্যমে ‘সূত্রের’ বরাত দিয়ে ছড়ানো কোনো গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তাঁরা।
২০০৮ সালে ফ্রান্সের এই বিলাসবহুল ‘শ্যাটো মিরাভাল’ কিনেছিলেন পিট ও জোলি। ২০১৪ সালে সেখানেই তাঁদের বিয়ের আসর বসেছিল।
কিন্তু ২০১৬ সালে বিচ্ছেদের আবেদনের পর পিটের অনুমতি ছাড়াই এক রুশ ধনকুবেরের প্রতিষ্ঠানের কাছে নিজের অংশ বিক্রি করে দেন জোলি। এতে ক্ষিপ্ত হয়ে মামলা দায়ের করেন ৬২ বছর বয়সী পিট।
জবাবে ৫১ বছর বয়সী জোলিও পাল্টা মামলায় অভিযোগ আনেন যে, ২০১৬ সালে একটি প্রাইভেট জেটে মদ্যপ অবস্থায় পিট তাঁকে ও সন্তানদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। তবে পিট বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে প্রেমের শুরু হওয়া এই জুটির সংসারে রয়েছে ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ নক্স ও ভিভিয়েন।
বাবা-মায়ের তিক্ত বিচ্ছেদের প্রভাব সন্তানদের ওপরও পড়েছে। আদালতের নথি অনুযায়ী, ছয় সন্তানের মধ্যে চারজনই ইতোমধ্যে আইনিভাবে নিজেদের নাম থেকে ‘পিট’ পদবি বাদ দিয়ে শুধু ‘জোলি’ ব্যবহার শুরু করেছে।



