…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আন্দোলন ও তিন দিনের ছুটির পর গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকেরা, এখনো বন্ধ ৩৫ কারখানা

নিজস্ব প্রতিবেদক
আন্দোলন ও তিন দিনের ছুটির পর গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকেরা, এখনো বন্ধ ৩৫ কারখানা
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা। অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও চালু হয়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার গাজীপুরের প্রায় সব কারখানা খোলা রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে কারখানাগুলোতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার চিত্র দেখা গেছে।

ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক অহেদুল ইসলাম বলেন, বুধবার থেকে টানা তিন দিনের ছুটি ছিল। আজ কারখানা খুলেছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে এসেছি। টানা আন্দোলনে মালিকপক্ষের পাশাপাশি আমাদের মতো শ্রমিকদেরও অনেক ক্ষতি হয়েছে।

সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার জানান, সকালে বাসার কাজ শেষ করে যথাসময়ে কর্মস্থলে এসেছেন। কয়েক দিন কারখানা বন্ধ থাকায় খারাপ লেগেছে তাঁর। তিনি বলেন, পেটের দায়েই আন্দোলন করতে হয়েছে। বেতন কিছুটা বাড়ায় শ্রমিকদের অনেক উপকার হয়েছে, যা শুধু শ্রমিকেরাই ভালো বুঝতে পারেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর ও শ্রীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে গাজীপুরের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

শ্রমিক অসন্তোষে এক মাস ধরে উত্তপ্ত ছিল গাজীপুরের শিল্পাঞ্চল। এর আগে শুক্রবার ছুটির দিনে জেলার মোট কারখানার প্রায় ১০ শতাংশে উৎপাদন চলেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সেদিন দিনভর কোনো বিক্ষোভ, সড়ক অবরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্দিষ্ট মেয়াদে ৩২টি কারখানা বন্ধ ছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গাজীপুরে আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক, আইনগত ব্যবস্থার কথা জানালেন

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচা…

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়ম…

জাতীয়

গাজীপুর শিল্পাঞ্চলে ১৯ প্লাটুন আনসার স্ট্রাইকিং ফোর্স মোতায়েন, ১৮ পয়েন্টে টহল ও নজরদারি

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম …

গাজীপুরে দুই দিনের অস্থিরতার পর পরিস্থিতি স্বাভাবিক, ছুটির দিনে বন্ধ শিল্পাঞ্চলের ৯০ শতাংশ কারখানা
জাতীয়

গাজীপুরে দুই দিনের অস্থিরতার পর পরিস্থিতি স্বাভাবিক, ছুটির দিনে বন্ধ শিল্পাঞ্চলের ৯০ শতাংশ কারখানা

গাজীপুর — শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের দুই দিনের অস্থিরতার পর গাজীপুরের শিল্পাঞ্চলে শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন …