গাজীপুরে আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক, আইনগত ব্যবস্থার কথা জানালেন
গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে চিকিৎসাধীন সাত আনসার সদস্যকে দেখতে যান তিনি।
গত বুধবার (২৫ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপার ওপর হামলার ঘটনা ঘটে।
এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে পুলিশ ও আনসার সদস্যদের ওপরও হামলা চালান আন্দোলনকারীরা। এতে আনসার বাহিনীর ১২ সদস্য ও কর্মকর্তা আহত হন। তাঁদের মধ্যে সাতজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের দেখতে গিয়ে আনসার মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি মোকাবিলায় ধৈর্যের পরিচয় দিয়েছেন। হামলার শিকার হয়েও তাঁরা দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছেন।
তিনি আরও জানান, আহত আনসার সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



