আলবানিজকে আটকে রাখা নিয়ে মুখ খুলতে জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থী গ্রিনস্প্যানকে ৪০০ জনের চিঠি
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে থাকা কোস্টা রিকার প্রার্থী রেবেকা গ্রিনস্প্যানকে তাঁর দেশের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে আহ্বান জানিয়ে ৪০০ জনের বেশি মানুষ একটি খোলা চিঠিতে সই করেছেন।
কোস্টা রিকা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজকে দেশে ঢুকতে দেয়নি। আলবানিজ দ্বিতীয় রাত ধরে সান হোসের কাছের একটি বিমানবন্দরে আটকে আছেন।
শুক্রবার কোস্টা রিকার সংবাদমাধ্যম সুরকোস ডিজিটালে প্রকাশিত খোলা চিঠিতে সইকারীরা গ্রিনস্প্যানকে কোস্টা রিকার সরকারের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা, আলবানিজকে দেশে ঢুকতে দেওয়া এবং তাঁর মতপ্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিত করার আহ্বান জানাতে বলেছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, মহাসচিব পদপ্রার্থীর স্বাধীনতা প্রকাশ পায় সংগঠনের নীতিমালা রক্ষা করার সক্ষমতার মধ্য দিয়েও, যখন সেই নীতিমালা তাঁর প্রার্থিতা এগিয়ে নেওয়া রাষ্ট্রের কর্মকাণ্ডেই হুমকির মুখে পড়ে।’
চিঠিটির উদ্যোগ নিয়েছেন কোস্টা রিকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ানা মার্তিনেজ ফ্রানজোনি।
জাতিসংঘের মানবাধিকারপ্রধান ফলকার টুর্ক ইতিমধ্যে কোস্টা রিকাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। গ্রিনস্প্যান মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি।
এই আহ্বান গ্রিনস্প্যানকে একটি সংকটময় মুহূর্তে আলোচনার কেন্দ্রে এনেছে। তিনি কোস্টা রিকার সাবেক উপরাষ্ট্রপতি এবং বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) প্রধান।
আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি বাছাইয়ে ২০ নভেম্বর নিরাপত্তা পরিষদের গোপন প্রাথমিক ভোটে (স্ট্র পোল) গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন, যদিও ওই পর্বে ভেটো ক্ষমতাধর দুই সদস্য তাঁর প্রার্থিতার বিরোধিতা করেছিলেন।
৭০ বছর বয়সী গ্রিনস্প্যান শীর্ষ পদের জন্য লড়ছেন; তাঁর প্রার্থিতাকে সমর্থন দেওয়া সরকার একজন জাতিসংঘ বিশেষজ্ঞকে দেশে ঢুকতে বাধা দেওয়ার পর তিনি কীভাবে এবং আদৌ সাড়া দেন কি না, সদস্য রাষ্ট্রগুলো তা লক্ষ করবে।
এই দৌড়ে আরেক প্রার্থী, সংযুক্ত আরব আমিরাতের লানা নুসেইবেহও সুদান প্রশ্নে তাঁর সরকারের অবস্থান রক্ষা করা নিয়ে যাচাই-বাছাইয়ের মুখে পড়েছেন।
চলতি মাসের শুরুতে গ্রিনস্প্যান বলেছিলেন, ‘জাতিসংঘকে ঝুঁকি এড়ানোর প্রবণতা কমাতে হবে। আজ এর সবচেয়ে বড় ঝুঁকি হলো চেষ্টা না করার ঝুঁকি।’ তিনি আরও বলেছিলেন, ‘আমি এমন মানুষদের কথা শুনেছি, যাদের জাতিসংঘ দরকার, কিন্তু যাঁরা ক্রমেই সন্দেহ করছেন যে এটি কাজ করতে পারে। তাঁরা শান্তির জন্য ঝুঁকি নিতে ইচ্ছুক নেতৃত্ব চান।’
গ্রিনস্প্যান শীর্ষ পদটি পেলে তিনি হবেন জাতিসংঘের প্রথম নারী মহাসচিব এবং ইহুদি বংশোদ্ভূত প্রথম মহাসচিব।



