৯৫ বছর পর্যন্ত নেতৃত্বে থাকতে পারবেন আরনো, এলভিএমএইচের উত্তরসূরি নিয়ে জল্পনা তুঙ্গে
তারা ফ্রান্সের সবচেয়ে ধনী পরিবার, বিশ্বের সবচেয়ে বড় বিলাসপণ্য সাম্রাজ্যের নেতৃত্বে আছেন, আর এতটাই ক্ষমতাধর যে তাদের ‘আধুনিক যুগের ফরাসি রাজপরিবার’ বলা হয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে বার্নার্ড আরনোর পরিবারকে ঘিরে জল্পনা শুরু হয়েছে—তাঁর সন্তানদের মধ্যে কে শেষ পর্যন্ত কোম্পানির দায়িত্ব নেবেন, তা নিয়ে ভেতরে প্রতিদ্বন্দ্বিতা চলছে বলে গুঞ্জন উঠেছে।
এ সপ্তাহে জানা গেছে, নতুন এক ফাইলিং অনুযায়ী স্বাস্থ্য সচেতন ৭৭ বছর বয়সী আরনো ৯৫ বছর বয়স পর্যন্ত পারিবারিক হোল্ডিং কোম্পানির নেতৃত্ব দিতে পারবেন। ফলে তাঁর উত্তরসূরি নিয়ে সিদ্ধান্ত আরও পিছিয়ে গেল। আরনো সুইস টেনিস তারকা রজার ফেদেরারের সঙ্গে টেনিস খেলতে পছন্দ করেন।
গত বছর এলভিএমএইচে তাঁর প্রধান নির্বাহীর পদের বয়সসীমা বাড়িয়ে ৮৫ করা হয়েছিল, যাতে তিনি ওই পদে থাকতে পারেন। এই ফ্যাশন ধনকুবের একবার মজা করে বলেছিলেন, ১০০ বছর বয়সেও তিনি ব্যবসার নেতৃত্ব দেবেন।
আরনোর পাঁচ প্রাপ্তবয়স্ক সন্তানের মধ্যে কে শেষ পর্যন্ত পারিবারিক কোম্পানির নেতৃত্ব দেবেন, সেই প্রশ্নটিকে ফ্রান্সের অর্থনীতি ও রাজনৈতিক মহলের জন্য গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। লুই ভিতোঁর হাতব্যাগ থেকে টিফানির গয়না পর্যন্ত ৭৫টির বেশি ব্র্যান্ড নিয়ে গঠিত এলভিএমএইচ ফ্রান্সে বড় নিয়োগদাতা।
শীর্ষস্থানীয় ব্র্যান্ড অধিগ্রহণের জন্য ‘ক্যাশমেয়ারে মোড়া নেকড়ে’ ডাকনাম পাওয়া আরনোর ব্যক্তিগত সম্পদ ১০০ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হয়। ফ্রান্সের ব্যবসা ও অর্থনীতি বিষয়ক প্রায় সব সংবাদমাধ্যমের পাশাপাশি দৈনিক ল্য পারিসিয়াঁ ও সেলিব্রিটি ম্যাগাজিন প্যারিস ম্যাচের মালিকও তিনি।
ব্যক্তিগত বন্ধু হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরনো। বিশ্বনেতাদের নিয়ে ফ্রান্সের রাষ্ট্রীয় নৈশভোজেও নিয়মিত হাজির থাকেন তিনি।
এই মাসে এমিলি লানেজ আরনো পরিবারের অমীমাংসিত উত্তরসূরি চ্যালেঞ্জের ভেতরের আবেগী টানাপোড়েন নিয়ে একটি বই প্রকাশ করেছেন, যা তিনি বলেছেন অভ্যন্তরীণ ব্যক্তিদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা অফ-রেকর্ড আলোচনার ভিত্তিতে লেখা। লানেজ বলেন, ‘পরিবারটির অলৌকিক, অন্য জগতের মতো চরিত্র আমাকে সত্যিই নাড়া দিয়েছে: তারা যেন এক মঞ্চনাটকের দেবতা, আর ফ্রান্স তার দর্শক।’
‘মঁসিয়ে এ লে সিয়াঁ’ নামের বইটি, যার ইংরেজি প্রকাশনা নিয়ে এখন আলোচনা চলছে, আরনোর শৈশব থেকে পরিবারের গল্প তুলে ধরেছে। উত্তর ফ্রান্সের সাবেক শিল্পাঞ্চল রুবে শহরে বেড়ে ওঠা আরনো প্রথমে পারিবারিক নির্মাণ কোম্পানির দায়িত্ব নেন, পরে সম্পত্তি উন্নয়ন এবং তারপর বিলাসপণ্যের ব্যবসায় যান।
বইটিতে আরনোর স্ত্রী, ধ্রুপদি পিয়ানোবাদক হেলেন মের্সিয়ে-আরনোর কথা এসেছে—তিনি ভোরে ট্রেডমিলে ব্যায়াম করার সময় পারিবারিক ব্যবসার ক্ষমতার লড়াই নিয়ে তৈরি এইচবিও সিরিজ ‘সাকসেশন’ দেখেন, আবার প্রকাশ্যে আরনো সন্তানদের মধ্যে কোনো বিভেদ বা টানাপোড়েনের কথা অস্বীকার করতে সচেষ্ট থাকেন।
লানেজ লিখেছেন, সন্তানদের শিক্ষায় গভীরভাবে যুক্ত ছিলেন আরনো। তাঁর নিজের বেড়ে ওঠায় পড়াশোনা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ১০ বছর বয়সে দাদার শেষকৃত্যে বিদায় জানানোর সময় তিনি নিজের উজ্জ্বল স্কুল রিপোর্ট কার্ডটি দাদার জোড় করা হাতের ভেতর কফিনে রেখে দিয়েছিলেন।
প্রথম স্ত্রী আন দ্যভ্রাঁর সঙ্গে তাঁর দুই সন্তান ছিল; তিনি নিজে একটি পদ্ধতি তৈরি করে মেয়ে দেলফিনকে অল্প বয়সে পড়তে শিখিয়েছিলেন। ৫১ বছর বয়সী দেলফিন এখন ক্রিশ্চিয়ান দিওর কুতুরের প্রধান নির্বাহী—এলভিএমএইচের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। তাঁর ভাই ৪৯ বছর বয়সী আঁতোয়ান গুরুত্বপূর্ণ যোগাযোগের দায়িত্বে আছেন, তিনি গ্রুপের ভাবমূর্তি ও পরিবেশ কৌশল পরিচালনা করেন।




