ইতালিতে স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধের আইন পাস, বিদেশি শিক্ষার্থীর আসনেও সীমা
ইতালির পার্লামেন্ট নতুন একটি শিক্ষা আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে, যেখানে স্কুলের শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। ইউরোনিউজের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।
আইনটি গত ২০ নভেম্বর সিনেটে অনুমোদনের পর পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে চূড়ান্ত ভোটে পাস হয়। ভোটে পক্ষে পড়ে ১৪২টি ও বিপক্ষে ১১২টি ভোট, আর চারজন সদস্য ভোটদানে বিরত ছিলেন।
নতুন আইনটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমসহ স্কুল ব্যবস্থার বিভিন্ন সংস্কারের অংশ হিসেবে আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার বিধান রাখা হয়েছে।
তবে যেসব শিক্ষার্থী ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এই ৩০ শতাংশের সীমা প্রযোজ্য হবে না বলে আইনে বলা হয়েছে।
একই আইনে বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনটি ঘিরে ইতালির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক দেখা দিয়েছে। চূড়ান্ত অনুমোদনের সময় পার্লামেন্টেই প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা।
প্রতিবাদের সময় বিরোধী সদস্যরা প্ল্যাকার্ড তুলে ধরে বলেন, ‘স্কুলে কেউই বিদেশি নয়।’
বিরোধী দলগুলোর অভিযোগ, আইনটি বৈষম্যমূলক এবং এর নতুন বিধানগুলো বিদেশি শিক্ষার্থী ও মুসলিম পরিবারের প্রতি বৈষম্য তৈরি করতে পারে।
অন্যদিকে ইতালি সরকার জানিয়েছে, ভাষাগত দক্ষতা বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ও একীভূতকরণ নিশ্চিত করাই এসব পদক্ষেপের লক্ষ্য।


