শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান ঢাকার সেমিনারে

বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সহায়তা সেবার ক্ষেত্রে নীতিগত অঙ্গীকারের সঙ্গে বাস্তবতার বড় ব্যবধান রয়ে গেছে বলে মত দিয়েছেন সমাজ উন্নয়নকর্মীরা। সেই ব্যবধান কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি ও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অধিকার নিয়ে একটি জাতীয় নীতিসহায়তা সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, সহযোগী ছিল ‘ইন্টারঅ্যাক্ট’।
শ্রবণপ্রতিবন্ধী শিশুদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রয়োজনীয় সেবা পাওয়ার বাস্তবসম্মত উপায় খুঁজে বের করাই ছিল সেমিনারের মূল লক্ষ্য। বিভিন্ন খাতের প্রায় ৪০ জন উন্নয়ন সহযোগী ও অংশীজন এতে অংশ নেন।
সেমিনারে ‘ক্যান ইউ হিয়ার মি?’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ উন্নয়ন বিশেষজ্ঞ টনি মাইকেল গোমেজ। তিনি দেশের শ্রবণপ্রতিবন্ধী শিশুদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় জাতীয় প্রতিবন্ধিতাবিষয়ক নীতি ও তার বাস্তবায়নের মধ্যকার দীর্ঘদিনের ব্যবধানের কথা উঠে আসে।
টনি মাইকেল গোমেজ বলেন, ধারণা করা হয়, দেশে শূন্য থেকে ১৭ বছর বয়সী ৬৫ হাজার থেকে এক লাখের বেশি শিশু শ্রবণপ্রতিবন্ধী। অথচ তাদের জন্য বিশেষায়িত শিক্ষার অবকাঠামো অত্যন্ত সীমিত। প্রতিবন্ধীদের জন্য সরকার পরিচালিত বিশেষায়িত স্কুল আছে মাত্র আটটি, আর বেসরকারি সংস্থা পরিচালিত স্কুল ১২টি।
তিনি আরও বলেন, সময়মতো সহায়তা ও উপযুক্ত শিখন পরিবেশ না পেলে এসব শিশু ঝুঁকিতে পড়বে। তারা শিক্ষা ও বৃহত্তর সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বাদ পড়তে পারে।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন আবদুন নূর তুষার। তিনি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সরকারকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। তাঁর মতে, শ্রবণপ্রতিবন্ধী শিশুদের চাহিদা ও সরকারি সেবার মধ্যকার ব্যবধান গুরুতর উদ্বেগের বিষয় এবং এ বিষয়ে সরকারের অবিলম্বে মনোযোগ দেওয়া দরকার। এসব শিশুর সমান সুযোগ পাওয়ার অধিকার আছে বলে তিনি বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড কনসার্নের কান্ট্রি ডিরেক্টর সিলভেস্টার মাইকেল মধু। তিনি সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার মধ্যে আরও জোরালো অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ খাতে সংস্থাটির দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে এবং বরিশাল ও সাভারে তারা বিশেষায়িত স্কুল চালায়।
সেমিনারে একজন শ্রবণপ্রতিবন্ধী স্নাতক শিক্ষার্থী এবং একজন অভিভাবক নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষা ও দৈনন্দিন জীবনে প্রতিবন্ধীরা কী ধরনের বাধার মুখে পড়েন, তা তাঁদের বক্তব্য থেকে অংশগ্রহণকারীরা সরাসরি জানতে পারেন।
সেমিনার শেষে সরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা, উন্নয়ন সংস্থা ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে দেশের বধির ও শ্রবণপ্রতিবন্ধী শিশুরা শিখতে, যোগাযোগ করতে ও নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারে।



