ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর

ভূমি অফিসে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব বিস্তার বা সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে সাধারণ সেবাপ্রত্যাশীরা যাতে অগ্রাধিকার পান, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ইউএনডিপি আয়োজিত ‘অটোমেটেড ভূমি সেবা ব্যবস্থায় ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের বহু পরিবার নিঃস্ব হচ্ছে। সাধারণ মানুষ যেন ভূমি অফিসে গিয়ে হয়রানি ও ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। ভূমি অফিসগুলোতে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব খাটাতে না পারে, সেদিকে কর্মকর্তাদের নজর রাখতে হবে। সেবাপ্রত্যাশী সাধারণ মানুষকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, ভূমি নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও হয়রানি নিরসন করতে চায় সরকার। এ লক্ষ্যেই আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় অর্জিত জ্ঞান ভবিষ্যতে নিজেদের কর্মপরিধিতে কাজে লাগানোর জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মকর্তাদের সতর্ক করে ভূমিমন্ত্রী বলেন, দুনিয়াই শেষ কথা নয়। কোনো অন্যায় বা অনিয়ম করলে পরকালেও জবাবদিহি করতে হবে। অন্যায় ও অনিয়মের মাধ্যমে যাঁরা অর্থ-সম্পদের মালিক হয়েছেন, তাঁদের কেউ ভালোভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারেননি। জীবদ্দশাতেও তাঁরা কষ্ট পেয়েছেন। তাই সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে।
কর্মশালায় রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




