…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

চার গুণ বেতনের প্রস্তাবেই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো, জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদক

প্রায় তিন দশক আগে বার্সেলোনা ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে পাড়ি জমানোর নেপথ্যের কারণ জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। তাঁর মতে, ইতালিয়ান ক্লাবটির বড় অঙ্কের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঠিন ছিল। গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে ১৯৯৭ সালে সিরি আ-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলেন তারকা এই স্ট্রাইকার।

পিএসভি আইন্দহোভেন থেকে বার্সেলোনায় যোগ দিয়ে স্পেনে মাত্র এক মৌসুম খেলেও লা লিগা ও কাপ উইনার্স কাপের ম্যাচগুলোতে নিয়মিত গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সে আগ্রহী হয়ে ইন্টার মিলান তাঁর রিলিজ ক্লজ পরিশোধের পাশাপাশি বার্সেলোনায় পাওয়া বেতনের চার গুণ বেতনের প্রস্তাব দেয়। কাতালুনিয়ায় সফল সময় কাটালেও বেতনের এমন ব্যবধানই তাঁকে স্পেন ছেড়ে ইতালিতে যেতে প্রভাবিত করে।

নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে রোনালদো বলেন, ‘বার্সেলোনা আমাকে ২০ মিলিয়নে কিনেছিল, যার একটি ভালো অংশ আমি পেয়েছিলাম। সেখানে বছরে ২ মিলিয়ন পেতাম, আর ইন্টার প্রস্তাব দিয়েছিল ৮ মিলিয়ন। তাই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

পডকাস্টে ১৯৯৬ সালের ব্যালন ডি’অর ভোটে জার্মান ডিফেন্ডার ম্যাথিয়াস সামারের কাছে দ্বিতীয় হওয়া নিয়েও নিজের আক্ষেপ প্রকাশ করেন রোনালদো। সে বছর বার্সেলোনার হয়ে অসাধারণ খেলেও পুরস্কারটি না জেতায় হতাশ হয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি সামারের কাছে হেরেছিলাম, যিনি একজন ডিফেন্ডার ছিলেন। আমি ক্ষুব্ধ ছিলাম, কারণ বার্সেলোনার হয়ে অসাধারণ খেলেছিলাম এবং অনেক গোল করেছিলাম।’ তবে ঠিক পরের বছরই ইন্টার মিলানের হয়ে প্রথম মৌসুমে ১৯৯৭ সালের ব্যালন ডি’অর জিতে নেন তিনি এবং পরে ২০০২ সালে বিশ্বকাপ জয়ের বছরেও পুরস্কারটি অর্জন করেন।

আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের পাওয়া সুরক্ষার সঙ্গে নিজের খেলোয়াড়ি সময়ের তুলনা করে রোনালদো জানান, বর্তমান সময়ের স্ট্রাইকাররা আগের চেয়ে অনেক বেশি সুবিধা পান। তিনি বলেন, ‘আজকের স্ট্রাইকারদের জীবন আমাদের চেয়ে সহজ। আমিও যদি একই রকম সুরক্ষা পেতাম! আমরা অনেক ভুগেছি। আমাদের প্রজন্মে অনেক “খুনি” ছিল, কিন্তু কেউ আমাদের সুরক্ষা দিত না।’

এদিকে ব্রাজিলের বর্তমান জাতীয় দল নিয়েও হতাশা প্রকাশ করেছেন রোনালদো। তাঁর মতে, আর্জেন্টিনার মতো প্রতিদ্বন্দ্বী দলের লড়াকু মানসিকতা দেখে ব্রাজিলের সমর্থকদের কষ্ট পাওয়া স্বাভাবিক। একসময় নিজেদের প্রতিভার ওপর যে আত্মবিশ্বাস ছিল, তা এখন হারিয়ে ফেলেছে ব্রাজিল এবং ইউরোপীয় ফুটবলারদের অনুকরণ করতে গিয়ে দলটি নিজেদের স্বকীয়তাও হারাচ্ছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে শুধু নিজেদের প্রতিভার ওপর ভিত্তি করেই আমাদের দেশে অনেক আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, গোছানো এবং ভালো ফুটবল খেলছে।’ ব্রাজিলকে বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী মনে করেন না উল্লেখ করে রোনালদো আরও বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধও নই।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

চট্টগ্রামে শুরু চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল, উদ্বোধনী দিনে চিটাগাং ইনডিপেনডেন্টের ৭-২ গোলের জয়
খেলা

চট্টগ্রামে শুরু চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল, উদ্বোধনী দিনে চিটাগাং ইনডিপেনডেন্টের ৭-২ গোলের জয়

চট্টগ্রামে শুরু হয়েছে চতুর্থ ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ দুপুরে বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহরের শহীদ প্রকৌশলী শাম…

মাঠ ও মাঠের বাইরে হামজা এক অনুপ্রেরণা, বললেন তরুণ ফরোয়ার্ড ফারহান
খেলা

মাঠ ও মাঠের বাইরে হামজা এক অনুপ্রেরণা, বললেন তরুণ ফরোয়ার্ড ফারহান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের দুই সপ্তাহ পেরিয়ে গেছে। সেই টুর্নামেন্টে দেশের ফুটবলে নতুন আশার আলো …

স্যান্ডপেপার কাণ্ডই ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে, বললেন ব্যানক্রফট; ধারণা নাকচ করলেন নির্বাচক বেইলি
খেলা

স্যান্ডপেপার কাণ্ডই ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে, বললেন ব্যানক্রফট; ধারণা নাকচ করলেন নির্বাচক বেইলি

২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডের পর তৈরি হওয়া পরিস্থিতি ও অস্বস্তিই নিজের ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্য…

গোল আর পুরস্কারে ভরা, তবু শিরোপা হাতছাড়া: যেমন কাটল মেসির ২০২৬ সাল
খেলা

গোল আর পুরস্কারে ভরা, তবু শিরোপা হাতছাড়া: যেমন কাটল মেসির ২০২৬ সাল

২০২৬ সালটা লিওনেল মেসির জন্য অম্লমধুরই বলা চলে। পারফরম্যান্স ছিল দুর্দান্ত, জিতেছেন অনেক পুরস্কারও। কিন্তু শিরোপার কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয়েছে বার…