পশ্চিমবঙ্গে এসআইআরে বাদ পড়া ভোটারদের বাড়ি বাড়ি নথি যাচাই পুলিশের, আতঙ্ক ও প্রশ্ন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ভোটারদের নথি যাচাইয়ে এবার বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। চলতি সপ্তাহের শুরু থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এমন অভিযোগ উঠেছে। কোথাও পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নথি দেখতে চাইছে, কোথাও বাদ পড়া ভোটারদের থানায় আসার নোটিশ দেওয়া হচ্ছে, আবার কোথাও শিবির করে একটি গোটা এলাকার বাদ পড়া ভোটারদের নথি যাচাই করা হচ্ছে।
দক্ষিণ দিনাজপুর জেলার বিপ্রভাগ গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান। তাঁর পরিবারের পাঁচ সদস্যের মধ্যে একমাত্র তাঁরই নাম চলতি বছর এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে। এর ফলে তিনি ভোটাধিকার হারিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি বিচার বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং নাগরিকত্বের সঙ্গে যুক্ত তাঁর সব পরিচয়পত্র জমা দিয়েছেন। তাঁর মামলা এখনো বিচারাধীন।
কিন্তু গত বুধবার রাতে তাঁর বাড়িতে একজন পুলিশ কর্মকর্তা এবং কয়েকজন সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক আসেন। তাঁরা তাঁর কাছে নাগরিকত্বের নথিপত্র দেখতে চান। মোস্তাফিজুর রহমান ফোনে বলেন, পুলিশ তাঁকে বলেছে, পরের দিন সকাল থেকে পাড়ায় তারা একটি শিবির চালু করবে। সেখানে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের আবার নথিপত্র জমা দিতে হবে, সেগুলো পুলিশ যাচাই করবে।
তাঁর বক্তব্য, পুলিশের কাছে একটি ‘চেকলিস্ট’ রয়েছে, যেখানে বিভিন্ন নথিপত্রের তালিকা উল্লেখ করা আছে। প্রতিটি নথির পাশে ‘হ্যাঁ/না’ লেখা রয়েছে। একজন বাদ পড়া ভোটার পুলিশের কাছে যে নথি জমা দিচ্ছেন, সেই অনুযায়ী তালিকাটি চিহ্নিত করা হচ্ছে।
মোস্তাফিজুর রহমানের স্ত্রী বিলকিস বেগম নির্বাচন কমিশনের একজন বুথ স্তরের কর্মকর্তা। এসআইআর প্রক্রিয়ায় তাঁর দায়িত্ব ছিল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দেওয়া ও সেগুলো সংগ্রহ করা। কিন্তু পুলিশের মাধ্যমে ফের নথি যাচাইয়ের এই নতুন অভিযান সম্পর্কে তিনিও অবগত ছিলেন না। তিনি বলেন, বাদ পড়া ভোটারদের নতুন করে পুলিশ যাচাইয়ের প্রক্রিয়াটি মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। বেশির ভাগ সময় পুলিশ সন্ধ্যায় বা রাতে মানুষের বাড়ি যাচ্ছে।
মোস্তাফিজুর রহমান প্রশ্ন তোলেন, ‘আমার পিতা-মাতা বৈধ ভোটার, আমার স্ত্রী বৈধ ভোটার, আমার ছেলে বৈধ ভোটার। তাহলে আমি কেন বৈধ হব না, আমার ত্রুটি কোথায়?’
প্রায় ১০০ কিলোমিটার দূরে মালদার মোথাবাড়ি থানা এলাকাতেও পরিস্থিতি প্রায় একই রকম। মোথাবাড়ি থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, গত তিন দিন ধরে গ্রামে গ্রামে গিয়ে পোলিং বুথ ধরে ধরে পুলিশকর্মীরা বাদ পড়া ভোটারদের নথি যাচাই করছেন। শুক্রবার সকাল থেকে গ্রামের বিভিন্ন জায়গায় সিভিক পুলিশ স্বেচ্ছাসেবকরা পোস্টার লাগিয়েছেন, যাতে ভোটার হিসেবে বৈধতা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথির তালিকা উল্লেখ রয়েছে।
সেই তালিকায় রয়েছে—মা-বাবার ২০২৬ সালের ভোটার তালিকায় নাম থাকলে তার পাতার জেরক্স, ১৯৮৭ সালের আগের বাবা-মা বা দাদা-দাদি কিংবা নানা-নানির জমির দলিলের জেরক্স এবং ১৯৭১ সালের ভোটার তালিকায় মা-বাবা বা দাদা-দাদি কিংবা নানা-নানির নামের তালিকা।
এই এলাকার বাদ পড়া ভোটার ইমাম হোসেন বলেন, ‘আমি ট্রাইব্যুনালের আবেদনে সব জমা দিয়েছি: আমার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র, মা-বাবার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড। আর কতবার এই কাগজ জমা দিতে হবে? আমাদের পরিবার এখানে দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই থাকছে। আমাদের জমির দলিলেও তার প্রমাণ আছে। আমার দাদুর নাম ১৯৫৫ সালের ভোটার তালিকাতেও আছে।’
আরেক বাদ পড়া ভোটার জব্বার শেখ বলেন, ‘আমি সিভিক পুলিশকে জিজ্ঞেস করলাম, এই সব নথি থানায় গিয়ে জমা দিতে হবে কি না। তারা বলতে পারলেন না। এদিকে আমার আবেদন এখনো ট্রাইব্যুনালে আটকে, আমি সেই সিদ্ধান্ত এখনো পাইনি।’
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালগুলোয় গত মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে জমা পড়েছে প্রায় ৩৮ লাখ ৩১ হাজার আবেদন। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৩ দশমিক ৩ শতাংশের মতো।
মোথাবাড়ি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বৃহস্পতিবার সকালে কয়েকজন পুলিশকর্মী ও সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক ভবাগাছি গ্রামে বাদ পড়া ভোটারদের কাছে নথি চাইতে গেলে গ্রামের লোকজন তাদের ঘিরে ধরে প্রশাসনিক আদেশপত্র দেখতে চান। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আনিসুর আলী খান বলেন, গ্রামবাসী পুলিশের কাছে সরকারি নোটিশ দেখতে চাইলে তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের জিজ্ঞেস করতে বলেন। তারপর আরও কয়েকজন পুলিশকর্মীকে ডেকে তাঁকে ও কয়েকজন সমাজকর্মীকে ওখান থেকে তুলে নিয়ে কয়েক ঘণ্টা আটক করে রাখা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সপ্তাহে রাজ্যজুড়ে এসআইআর-এ নাম বাদ যাওয়া এবং নতুন করে নাম অন্তর্ভুক্তিসংক্রান্ত আবেদনের তথ্য বিশ্লেষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলা, পুলিশ জেলা এবং কলকাতা পুলিশ ছাড়া সব পুলিশ কমিশনারেটের কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। একটি নির্দেশিকায় এসআইআরসংক্রান্ত শুনানি ও ট্রাইব্যুনালে আবেদনের তথ্য খতিয়ে দেখে ৩০ নভেম্বরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করতে বলা হয়েছে।
হুগলি রুরালের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিং বলেন, ‘গত তিন-চার দিন ধরে পুলিশ প্রশাসনের ওপর মহলের নির্দেশ অনুযায়ী একটি প্রাথমিক অভিযান চালানো হচ্ছে। নাগরিকত্ব আইন অনুযায়ী বাদ পড়া ভোটারদের নথি যাচাই করা হচ্ছে।’ জলপাইগুড়ি পুলিশের একজন কর্মকর্তা জানান, এটি একটি সাধারণ যাচাই অভিযান; জন্ম শংসাপত্র, পাসপোর্ট, প্যান কার্ড, পরীক্ষার শংসাপত্রের মতো একাধিক নথি দেখা হচ্ছে। কৃষ্ণনগর ও মুর্শিদাবাদ পুলিশ জেলার কর্মকর্তারাও একই কথা বলেছেন।
অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এ বিষয়ে তাদের তরফে কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং তারা এই অভিযান সম্পর্কেও অবগত নয়।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেছেন, এই প্রক্রিয়াটি জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে করা হচ্ছে। নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ের সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ভোটাধিকারসংক্রান্ত যাদের মামলা বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। বিশেষত যারা থানার কর্মকর্তাদের কাছ থেকে ফোন পেয়েছেন, তাদের ২৬ ও ২৭ নভেম্বরের মধ্যে থানায় উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটসের সাধারণ সম্পাদক রঞ্জিত সুরের অভিযোগ, পুলিশের এই অভিযান আসলে নাগরিকত্ব যাচাইয়েরই একটি প্রক্রিয়া। তিনি বলেন, পুলিশকর্মীরা যে নথিপত্রের তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, তার সঙ্গে বর্তমান আইনে নাগরিকত্বের শর্তাবলি তুলনা করলে বোঝা যাচ্ছে, তারা নাগরিকত্ব যাচাই করছেন। এই তালিকা একটি নাগরিকত্ব যাচাইয়ের তালিকাই।
সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘পুলিশের কোনো এক্তিয়ার নেই। কে ভোটার হবে, কে ভোটার হবে না—এটা পুলিশের দেখার বিষয় নয়। পুলিশকে বলতে হবে কোন কর্তৃপক্ষ দিয়ে তারা নথি দেখতে চাইছে।’ রঞ্জিত সুর আরও বলেন, ভারতবর্ষে নাগরিকত্ব যাচাই করা একমাত্র রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার কাজ।
রঞ্জিত সুর জানান, গত মঙ্গলবার থেকে বিষয়টি তাঁদের বিশেষভাবে নজরে এসেছে। মালদা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে এই ধরনের পুলিশি কার্যকলাপের খবর পেয়েছেন তাঁরা। কোথাও সিভিক স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মানুষকে বাড়ি থেকে ডেকে আনা হচ্ছে, কোথাও শিবির করে নথি যাচাই করা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে বাড়িতে ফোন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের থানায় ডাকা হচ্ছে।




