১২ ডিসেম্বর শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, নবায়নের আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি

আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। হাতে মাত্র দুই সপ্তাহের মতো সময় থাকলেও চুক্তিটি নবায়নের জন্য আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি।
বাংলাদেশ বারবার আলোচনার উদ্যোগ চেয়েছে। সর্বশেষ ১৭ নভেম্বর দেশটির পানিসম্পদমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু কারিগরি পর্যায়ের আলোচনার বাইরে নয়াদিল্লিকে এ বিষয়ে খুব একটা তৎপর দেখা যাচ্ছে না।
চুক্তিটি বাংলাদেশের জন্য প্রয়োজনীয়। ভাটির দেশ হিসেবে উজানে ভারতের পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ ঝুঁকিতে থাকে। বিশেষ করে শুষ্ক মৌসুমে এই ঝুঁকি বেশি, যখন গঙ্গার পানির ওপর কৃষি, মৎস্য, নৌ চলাচল ও ভঙ্গুর বাস্তুতন্ত্র নির্ভর করে।
তবে চুক্তিটি নবায়ন হলেও বাংলাদেশ যে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি পাবে, তা নিশ্চিত নয়। উজানে পানি প্রত্যাহার, ক্রমবর্ধমান চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নদীটির পানিপ্রবাহের স্বাভাবিক ধরন বদলে গেছে।
১৯৯৬ সালের চুক্তি ছিল দক্ষিণ এশিয়ার পানিকূটনীতিতে একটি উল্লেখযোগ্য অর্জন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চুক্তিটির মাধ্যমে ভারতের ফারাক্কা বাঁধ নিয়ে বছরের পর বছর ধরে চলা তিক্ত বিরোধের অবসান ঘটে।
কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে হুগলি নদীর দিকে পানি সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিল যে এভাবে পানি সরিয়ে নেওয়ার কারণে ভাটির অঞ্চলে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি হচ্ছে।
১৯৯৬ সালের চুক্তিতে দুই সরকার ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে একটি বণ্টনসূত্র মেনে নেয়। চুক্তিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানি বণ্টনের ব্যবস্থা করা হয়। তবে সব পরিস্থিতিতে বাংলাদেশের জন্য নির্দিষ্ট ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করা হয়নি; পুরো অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত ছিল না।
তিন দশক পর ফারাক্কা বাঁধে পানির প্রাপ্যতা নিয়ে চুক্তিটির ভিত্তিগত অনুমানগুলো ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সম্প্রসারিত সেচব্যবস্থা, শিল্প খাতের চাহিদা এবং উজানে পানি প্রত্যাহার নদীটির ওপর চাপ বাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন ও হিমালয় অঞ্চলের পানিপ্রবাহের বৈশিষ্ট্য বদলাচ্ছে। ফলে বিভিন্ন মৌসুমে পানির প্রাপ্যতা আগের চেয়ে কম অনুমানযোগ্য হয়ে উঠছে।
অক্সফামের জন্য সাজিদ করিমের সঙ্গে যৌথভাবে করা এক গবেষণার হিসাব অনুযায়ী, পর্যাপ্ত সহযোগিতার অভাবে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার দেশগুলোর সম্মিলিতভাবে প্রতিবছর অন্তত ১৪ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। এই অববাহিকাগুলোয় সমন্বিত জলবিদ্যুৎ উৎপাদন, সেচ, বন্যা ব্যবস্থাপনা, নৌ চলাচল, পরিবেশ পুনরুদ্ধার এবং আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির নৌপথ, বন্দর ও পরিবহন নেটওয়ার্ক ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সহযোগিতামূলক ব্যবস্থাপনা বন্যার ক্ষয়ক্ষতি কমাতে, শুষ্ক মৌসুমে নির্ভরযোগ্য পানিপ্রাপ্যতা বাড়াতে এবং এমন বিনিয়োগে সহায়তা করতে পারে, যা একতরফা প্রকল্প দিয়ে সম্ভব নয়।
রাজনৈতিক প্রেক্ষাপটও জটিল। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। তাঁর ভারতে অবস্থান অব্যাহত থাকা, সংখ্যালঘু ও অভিবাসনসংক্রান্ত অভিযোগ, বাণিজ্য বিধিনিষেধ এবং পারস্পরিক সন্দেহ নিয়ে মতবিরোধ সম্পর্কের ওপর চাপ তৈরি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার বৈদেশিক অংশীদারত্বে বৈচিত্র্য আনার চেষ্টা করছে।
১৯৯৬ সালের আগে বাংলাদেশ বারবার ফারাক্কা বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলেছিল; এমনকি জাতিসংঘেও বিষয়টি উত্থাপন করেছিল। চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেলে ঢাকা অভিন্ন নদীর ন্যায়সংগত ব্যবহারসংক্রান্ত নীতির কথা তুলে ধরে আবারও আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন চাইতে পারে।
চীনের প্রসঙ্গও এতে জড়িত। ইয়ারলুং সাংপো নদীতে দেশটির বিদ্যমান ও পরিকল্পিত বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পগুলো পানির প্রাপ্যতা, পলিপ্রবাহ, পরিবেশগত পরিণতি এবং পানিপ্রবাহসংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। নদীটি ভাটির দিকে ব্রহ্মপুত্র নামে পরিচিত। হিমালয় অঞ্চলের বিভিন্ন প্রকল্প, মৌসুমি বৃষ্টিপাতের ধরন পরিবর্তন এবং ভয়াবহ বন্যার কারণে দুই দেশই অভিন্ন ঝুঁকির মুখে রয়েছে।
এদিকে পহেলগামে সন্ত্রাসী হামলার পর ২০২৫ সালের এপ্রিল থেকে নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানিচুক্তি স্থগিত রেখেছে। যদিও সিন্ধু ও গঙ্গা চুক্তির আইনি ও রাজনৈতিক পটভূমি আলাদা, তবু বিষয়টি আন্তর্জাতিক পানি সহযোগিতা নিয়ে আলোচনায় এসেছে।
ভারতের অভ্যন্তরীণ উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে। হুগলি নদী ও কলকাতা বন্দরের জন্য পশ্চিমবঙ্গের পানি প্রয়োজন। অন্যদিকে পলি জমা এবং ফারাক্কার প্রভাব নিয়ে বিহারও প্রশ্ন তুলছে। একইভাবে বলা হয়েছে, শুধু ১৯৯৬ সালের বণ্টন সূত্র আবার ব্যবহার করলেই বর্তমান চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করা যাবে না।
সংশোধিত একটি চুক্তিতে স্বচ্ছ যৌথ পরিমাপ, পরিবেশগত সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, পলি ব্যবস্থাপনা এবং পানির তীব্র সংকট মোকাবিলার ব্যবস্থা থাকতে হবে বলে মত দেওয়া হয়েছে। সময়সীমা ঘনিয়ে আসায় আলোচনা চলাকালে যৌথ পর্যবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বজায় রেখে বর্তমান চুক্তির মেয়াদ অন্তর্বর্তী সময়ের জন্য বাড়ানোকে একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছে।




