…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে, ‘সঠিক তথ্য দিচ্ছেন না’ বলছে ডিবি

নিজস্ব প্রতিবেদক
টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে, ‘সঠিক তথ্য দিচ্ছেন না’ বলছে ডিবি
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরের পর সুইডেন আসলামকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৩ নভেম্বর সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে গত ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের বটতলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। নিহত টিটন ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক ছিলেন।

হত্যাকাণ্ডের পর গত ২৯ এপ্রিল টিটনের ভাই সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এজাহারে আসামির তালিকা অজ্ঞাতনামা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়েছিল। এজাহারে বলা হয়, মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী ও তাদের সহযোগী আরও পাঁচ-সাতজন এই হামলায় অংশ নেয়।

ফের রিমান্ডের আবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ও পলাতক অন্য আসামিদের সঠিক অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের লক্ষ্যে সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তিনি সঠিক তথ্য দিচ্ছেন না। তিনি হত্যার ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন এবং জিজ্ঞাসাবাদে প্রশ্নের উত্তর এড়িয়ে কৌশলে ভিন্ন জবাব দিয়েছেন। তবে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে, টিটন হত্যার সঙ্গে তাঁর পরোক্ষ যোগসাজশ রয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, বেশ কয়েকটি হত্যা মামলার আসামি ছিলেন সুইডেন আসলাম। ২৭ বছর কারাভোগ করার পর মুক্তি পেয়ে তিনি পরিবর্তিত হননি এবং এখনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন। এই মামলার ঘটনার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করলে মামলার রহস্য উদ্ঘাটিত হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ব্যবস্থাপক নাঈমুরের গোয়ালন্দের বাড়িতে মাতম, বিচার চাইলেন অসুস্থ বাবা
আইন ও অপরাধ

টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ব্যবস্থাপক নাঈমুরের গোয়ালন্দের বাড়িতে মাতম, বিচার চাইলেন অসুস্থ বাবা

পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের গ্রামের বাড়িতে মাতম চলছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার …

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ড…

গোপালগঞ্জে হামলা হলে বিদ্যুৎ বন্ধের সতর্কতা, টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার মামলায় আসামি পাঁচ হাজারের বেশি
আইন ও অপরাধ

গোপালগঞ্জে হামলা হলে বিদ্যুৎ বন্ধের সতর্কতা, টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার মামলায় আসামি পাঁচ হাজারের বেশি

রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ…

সাভারে নকল হানিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক
আইন ও অপরাধ

সাভারে নকল হানিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক

ঢাকার সাভারে একটি নকল হানিফ পরিবহনের বাস ব্যবহার করে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।…