ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, একই পরিবারের তিনজনকে আটক করল বিজিবি
ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন পরশুরাম উপজেলার নিজকালিকাপুর বিওপির টহল দল তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার শাহাপাড়ার রিপন মজুমদার (৫৫), তাঁর স্ত্রী ডলি মজুমদার (৪৮) এবং ছেলে প্রলয় মজুমদার (২৬)। প্রলয় মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ২১৫৯/৩-এস পিলার সংলগ্ন শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মজুমদার দীর্ঘদিন ধরে ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতীয় ভিসা পেতে দীর্ঘদিন অপেক্ষা করেও সাড়া না পাওয়ায় স্থানীয় হাসান নামের এক দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন তাঁরা। এ উদ্দেশ্যে পরিবারের তিন সদস্য নিজকালিকাপুর সীমান্ত এলাকায় আসেন। পরে বিজিবির টহল দলের অভিযানে তাঁরা আটক হন।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

