ফুলবাড়ীতে সেমিনারে উদ্যোক্তা হওয়ার ডাক দিলেন দুই দৃষ্টিপ্রতিবন্ধী সফল ব্যক্তি

শারীরিক প্রতিবন্ধকতা বা দৃষ্টিহীনতা সফলতার পথে বাধা নয় বলে মন্তব্য করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী দুই সফল ব্যক্তি। দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানবিষয়ক এক সেমিনারে তাঁরা চেষ্টা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
শনিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রামে স্থানীয় বেসরকারি সংস্থা বেসিকের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে ১৩ জন প্রতিবন্ধী এবং ১৭ জন প্রান্তিক জনগোষ্ঠীর নারী-পুরুষসহ মোট ৩০ জন অংশ নেন।
অংশগ্রহণকারীদের মধ্যে দুই হাতবিহীন শারীরিক প্রতিবন্ধী বিমল মার্জী পা দিয়ে ছবি আঁকেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী শিউলি বেসরা সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে বর্তমানে একটি দর্জির দোকান পরিচালনা করছেন এবং নিজের কর্মসংস্থানের পাশাপাশি প্রতিবেশীর কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে দুজন ফ্রিল্যান্সারও রয়েছেন।
বেসিকের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিত্ব মো. সাইদুল হক।
বিশেষ অতিথি ছিলেন বার্ডের সভাপতি ও দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার এবং গ্রিন ফ্রেন্ডসের (পরিবেশ) সভাপতি পবন রিচার্ড রিচিল।
দৃষ্টিপ্রতিবন্ধী দুই অতিথি নিজেদের জীবনের সংগ্রাম ও সফলতার কথা তুলে ধরে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নন, তাঁরাও সম্পদ। নিজেদের প্রতিভা বিকশিত করতে প্রয়োজন চেষ্টা ও পরিশ্রম, আর সব প্রতিবন্ধকতা জয় করে সামনে এগিয়ে যেতে হবে।
সেমিনার শেষে অতিথিরা ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় বেসিক পরিচালিত ‘বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শন করেন। সেখানে তাঁরা আমলকীগাছের একটি চারা রোপণ করেন এবং প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।




