নড়াইলে নিখোঁজের তিন দিন পর চিত্রা নদী থেকে কিশোর ভ্যানচালক অনিকের মরদেহ উদ্ধার

নড়াইলে নিখোঁজের তিন দিন পর কিশোর ওসমান মোল্যা ওরফে অনিকের (১৫) অর্ধগলিত মরদেহ চিত্রা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার বেলা তিনটার দিকে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের পিরোলী-শীতলবাটি এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশের একটি দল।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন ওরফে সাবু মোল্যার ছেলে অনিক গত বুধবার সকালে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন দুপুরের দিকে পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর মোড় থেকে অনিক ও রিয়াজ শেখ নামে দুই কিশোর ভ্যানচালককে যাত্রীবেশে ভাড়া করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ওই দিন সন্ধ্যার পর পিরোলী এলাকায় চিত্রা নদী থেকে গুরুতর আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করা হলেও অনিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। চাঁচুড়ি ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের আরব বিশ্বাসের ছেলে রিয়াজ বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।
শনিবার দুপুরে পিরোলী ইউনিয়নের শীতলবাটি এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেন। খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিখোঁজ অনিকের পরিবারের সদস্যরা সেখানে এসে মরদেহটি শনাক্ত করেন। পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এসআই মো. আল আমিন বলেন, ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।




