আফগানিস্তানের বালখে নথি ও প্রেসক্রিপশনে নারীর আসল নামে নিষেধাজ্ঞার অভিযোগ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও চিকিৎসা রেকর্ডে নারীদের প্রকৃত নাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজন আফগান নারী স্পেনের দৈনিক এল পাইসকে জানিয়েছেন, তালেবান কর্মকর্তারা নারীদের নামের বদলে ‘বিবি’ সম্বোধনের নির্দেশ দিয়েছেন।
অধিকারকর্মীদের দাবি, কোনো কোনো ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ কিংবা ‘গরু’র মতো অবমাননাকর নামেও ডাকা হচ্ছে। এ নিয়ে এল পাইস সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে বলা হয়েছে, বালখের হাসপাতালকর্মী ও অন্য সরকারি কর্মচারীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে ‘বিবি’ বলতে দাদি বা বয়স্ক নারী বোঝায়।
জার্মানিভিত্তিক আফগান অধিকারকর্মী লালাহ ওসমানি এল পাইসকে বলেছেন, নাম মানুষের জন্য জন্মের উপহার এবং মৃত্যুর পরও টিকে থাকে। তাঁর ভাষায়, নাম হলো ‘একটি মুখ, একটি কণ্ঠ, একটি গল্প’।
নারী, চিকিৎসক ও নাগরিক অধিকারকর্মীদের বিভিন্ন সাক্ষ্যের বরাতে ওসমানি বলেন, তালেবান শুধু বালখের কর্মকর্তাদের নারীর প্রকৃত নাম লেখা ও উচ্চারণ বন্ধের নির্দেশই দেয়নি; অনেক ক্ষেত্রে নারীদের পশুর সঙ্গে সম্পর্কিত অবমাননাকর শব্দেও ডাকা হচ্ছে।
ওসমানি বলেন, ‘এটি পরিকল্পিতভাবে মানুষ হিসেবে মর্যাদা কেড়ে নেওয়ার প্রক্রিয়া। কোনো শাসকগোষ্ঠী যখন নারীর নামের বদলে পশুর নাম দেয়, তখন সে তাঁর মানবিক সত্তা কেড়ে নিয়ে তাঁকে কেবল জৈবিক প্রাণী বা একজন পুরুষের সম্পত্তিতে পরিণত করে।’
তিনি আরও বলেন, আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের পুরুষ আত্মীয়ের ‘স্ত্রী’ বা ‘কন্যা’ হিসেবে উল্লেখের প্রচলন রয়েছে এবং কবরফলকেও নারীর নাম লেখা হয় না।
তালেবানের প্রথম শাসনামলে, ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মধ্যে, রাস্তা ও জনপরিসরের নাম থেকে ‘নারী’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল। ওসমানির মতে, ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর গত পাঁচ বছরে তালেবানের নারীসংক্রান্ত নীতির একমাত্র উদ্দেশ্য তাঁদের মানবিক মর্যাদা অস্বীকার করা, এবং একজন মানুষকে মানুষ হিসেবে উপেক্ষা করার প্রথম ধাপ হলো তাঁর নাম কেড়ে নেওয়া।
কাবুলের অধিকারকর্মী কারিশমা (ছদ্মনাম) হোয়াটসঅ্যাপে বালখের এই নির্দেশের কথা নিশ্চিত করেছেন। তবে তাঁর দাবি, এখন পর্যন্ত নারীর নাম ব্যবহারে নিষেধাজ্ঞা উপেক্ষিতই রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা করছেন, স্থানীয়ভাবে শুরু হওয়া এমন উদ্যোগ পরে দেশজুড়ে নারীর নাম নিষিদ্ধের ফরমান হয়ে উঠতে পারে। তিনি জানান, অন্যান্য ইস্যুতেও অতীতে এমন ঘটেছে।
ফেমেনার হিসাবে, আফগান নারীর অধিকার খর্ব করতে তালেবান ১৪৪টির বেশি ফরমান জারি করেছে। এর মধ্যে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা বন্ধ, অধিকাংশ চাকরি থেকে নারীদের নিষিদ্ধ করা এবং প্রকাশ্যে কথা বলায় বিধিনিষেধ রয়েছে বলে আকবর জানান।
ওসমানি ২০১৭ সালে ‘আমার নাম কোথায়?’ শিরোনামে একটি প্রচার শুরু করেন। লক্ষ্য ছিল সন্তানের জন্মসনদসহ যেসব সরকারি নথিতে নারীর নাম থাকত না, সেখানে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা। তাঁর প্রচারের ফলে ২০২০ সালের সেপ্টেম্বরে তালেবান-পূর্ব আফগান সরকারের অনুমোদনে সন্তানের জন্মসনদসহ নথিতে স্বেচ্ছায় মায়ের নাম অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হয়।
বর্তমান পরিস্থিতিতে নারীর নাম মুছে দেওয়া গুরুতর বাস্তব সমস্যাও তৈরি করতে পারে বলে আশঙ্কা ওসমানির। তিনি বলেন, একটি হাসপাতালে কয়েক ডজন প্রেসক্রিপশন ও চিকিৎসা নথি যদি একই নাম—‘বিবি’—বা একটি নম্বরের অধীনে থাকে, তাহলে চিকিৎসাগত ভুলের ঝুঁকি ব্যাপক।
স্পেনে নির্বাসিত আফগান সাংবাদিক খাদিজা আমিনের উদাহরণও প্রতিবেদনে এসেছে। তাঁর সন্তানদের জন্মসনদে তাঁর নাম ছিল না। পরে সন্তানদের মা হিসেবে পরিচয় প্রমাণের কোনো নথি না থাকায় তিনি জার্মানিতে থানায় অভিযোগও করতে পারেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।




