বোনদের কোম্পানির সরকারি চুক্তি নিয়ে বিতর্কে দায়িত্বের দুই সপ্তাহেই পদত্যাগ গ্রিসের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী লিয়াকোসের
গ্রিসের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাঞ্জেলিস লিয়াকোস পদত্যাগ করেছেন। দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় তাঁকে এই সিদ্ধান্ত নিতে হলো।
তাঁর পদত্যাগের পেছনে রয়েছে তাঁর দুই বোনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ওঠা অভিযোগ। প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠানগুলো সরাসরি সরকারি চুক্তি পেয়েছে, যার মোট মূল্য ১৪ লাখ ইউরোর বেশি। এ ছাড়া ২০১৯ সালে তাঁদের ভাই সংসদে নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে ওই প্রতিষ্ঠানগুলোর লেনদেন আট গুণ বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিয়াকোস বলেন, তিনি ‘অনৈতিক ও অশ্লীল আক্রমণের’ শিকার হয়েছেন। ‘এই নির্বাচন-পূর্ব নরখাদকতা যেন শেষ হয়’—সেই আশায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, প্রথম মুহূর্ত থেকেই তিনি বলে আসছেন, ভাইবোনদের পেশাগত কার্যক্রমে তাঁর কোনো সম্পৃক্ততা কখনো ছিল না এবং ‘পারিবারিক দায়’ বলে কিছু নেই। তাঁর বোনেরা অবশ্য অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি।
লিয়াকোস গত ১৩ নভেম্বর দায়িত্ব নিয়েছিলেন। লাজারোস সাভদারিদিসের পদত্যাগের পর মন্ত্রিসভা রদবদলে তাঁকে এই পদে আনা হয়। সাভদারিদিসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর মেয়ে না খেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় বোনাস পয়েন্ট পেতে একটি যুব হ্যান্ডবল দলে নাম লিখিয়েছিল। সাভদারিদিস অবশ্য কোনো অনিয়মের কথা অস্বীকার করেছিলেন।
পদত্যাগের আগে লিয়াকোস যুক্তি দিয়েছিলেন, ওই কোম্পানিগুলোর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তাঁর বোনদের ব্যবসা ভালো করছে কারণ তারা ‘সবচেয়ে কর্মক্ষম বয়সে’ রয়েছেন।
বিরোধী দলগুলো তাঁর পদত্যাগ দাবি করে বলেছিল, ওই পদে থাকার রাজনৈতিক ও নৈতিক বৈধতা তাঁর নেই। তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলে, সরকার রাষ্ট্রকে ‘নাগরিকদের ক্ষতি করে পারিবারিক ব্যবসায়’ পরিণত করেছে।
সমালোচনা এসেছে ক্ষমতাসীন নিউ ডেমোক্রেসি দলের ভেতর থেকেও। তাঁর কয়েকজন সহকর্মী যুক্তি দিয়েছিলেন, সরকারের জন্য পরিস্থিতি সহজ করতে তাঁর পদত্যাগ করা উচিত।
এই পদত্যাগ প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের মধ্য-ডানপন্থি নিউ ডেমোক্রেসি দলের জন্য আরেকটি ধাক্কা। দলটির নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে আগামী বসন্তে নির্বাচন হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। জরিপে দলটি এখনো স্পষ্টভাবে এগিয়ে থাকলেও বর্তমান পরিসংখ্যান বলছে, তারা সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবে না। মূল্যস্ফীতি বেড়ে যাওয়া এবং ইউরোপীয় ইউনিয়নের তহবিল নিয়ে কথিত জালিয়াতির তদন্তের মধ্যে ২০২৩ সালের সাধারণ নির্বাচনের পর থেকে দলটির সমর্থন তীব্রভাবে কমেছে।




