আল নাসর অনূর্ধ্ব-১৭ দলে জোড়া গোল রোনালদো জুনিয়রের, বাবার নতুন ‘এম’ উদ্যাপন অনুকরণ

আল নাসর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। গত শুক্রবার আল ইত্তিহাদ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ম্যাচে তিনি দুটি গোল করেন, আর প্রতিবারই বাবার নতুন ‘এম’ উদ্যাপন অনুকরণ করেন। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে।
জুনিয়রের প্রথম গোলটি আসে ম্যাচের ১৪ মিনিটে। বক্সের ভেতর জটলার মধ্যে বল পেয়ে তিনি জালে পাঠান। পর্তুগালের বয়সভিত্তিক দলের এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি আসে ৪২ মিনিটে, ফ্রি-কিক থেকে।
ফ্রি-কিক নেওয়ার সময় বাবার আদলেই দাঁড়িয়েছিলেন ১৬ বছর বয়সী জুনিয়র। কোমরে হাত রেখে দুই পায়ের মধ্যে ফাঁক রেখে দাঁড়ানোর পর তিনি নিচু শট নেন। মানবদেয়ালের নিচ দিয়ে যাওয়া বল মাটিতে বাউন্স খেয়ে জালে ঢোকে। গোলের পর আবারও দেখা যায় ‘এম’ উদ্যাপন।
এর আগে গোলের পর রোনালদো করতেন ‘সিইইউ’ উদ্যাপন — লাফিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে চিৎকার। ছেলেও আগে গোল পেলে বাবার সেই উদ্যাপনই করতেন। এখন বাবা হাতের আঙুল পেঁচিয়ে ইংরেজি ‘এম’ অক্ষরের মতো ভঙ্গি করছেন, আর জুনিয়রও সেই পথেই হাঁটছেন।
রোনালদোর এই নতুন উদ্যাপন গত মাস থেকেই ফুটবলপ্রেমীদের কৌতূহলের কারণ। পর্তুগিজ মহাতারকা নিজে এখনো এর ব্যাখ্যা দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা অনুমান।
সবচেয়ে আলোচিত ব্যাখ্যাটি রোনালদোর গোলসংখ্যা নিয়ে। রোমান সংখ্যায় ‘এম’ মানে এক হাজার। ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলকের খুব কাছে থাকায় রোনালদো হয়তো এই উদ্যাপন করছেন বলে মনে করছেন অনেকে। আবার কেউ কেউ পর্তুগিজ ভাষার ‘মাউ’ শব্দের সঙ্গে এর যোগ খুঁজছেন — পর্তুগিজ ভাষায় ‘মাউ’ অর্থ খারাপ বা মন্দ, সে ক্ষেত্রে বার্তাটি দাঁড়ায় অনেকটা ‘আমি ভয়ংকর’।
গোলের হিসাবেও রোনালদো সেই মাইলফলকের দ্বারপ্রান্তে। ক্যারিয়ারে তাঁর গোল এখন ৯৮৭টি। অফিশিয়ালি এক হাজার গোল করা প্রথম ফুটবলার হতে তাঁর আর মাত্র ১৩ গোল প্রয়োজন।
ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও নতুন অধ্যায় শুরু হয়েছে ক্রিস্টিয়ানো জুনিয়রের। পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে এই প্রথম ডাক পেয়েছেন তিনি। এর আগে বয়সভিত্তিক অন্য পর্যায়ে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন।
অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অ্যান্ডোরার বিপক্ষে পর্তুগালের ৪-০ গোলের জয়ের ম্যাচে অভিষেক হয়েছে জুনিয়রের। বেঞ্চ থেকে ২৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
অভিষেকের সেই ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন পর্তুগাল জাতীয় দলের চার তারকা — ভিতিনিয়া, রুবেন নেভেস, গনসালো রামোস ও জোয়াও ফেলিক্স।




