মোহাম্মদপুরের রায়েরবাজারে পাঁচ রিকশা গ্যারেজে এসআরবির অভিযান, নজরদারিতে প্রায় ৩০০ চালক

রিকশাচালকের ছদ্মবেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়েছে পুলিশের বিশেষ গোয়েন্দা ইউনিট এসআরবি-২। শনিবার চালানো এই অভিযানে এলাকার পাঁচটি রিকশা গ্যারেজে কর্মরত প্রায় ৩০০ চালককে নজরদারির আওতায় আনা হয়েছে।
এসআরবি-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিযানটি চালিয়েছে এসআরবি-২-এর একটি আভিযানিক দল।
অভিযানের সময় গ্যারেজ মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের অধীনে কর্মরত প্রত্যেক চালকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংগ্রহ করে এসআরবি-২ কার্যালয়ে পাঠাতে হবে। চালকদের পরিচয় যাচাই ও অপরাধসংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্যই এই কপি সংগ্রহ করা হচ্ছে।
সংস্থাটি দাবি করেছে, রাজধানীতে রিকশাচালকের ছদ্মবেশে এক শ্রেণির অপরাধী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও রিকশার গ্যারেজে আত্মগোপন করছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে সংস্থাটি জানিয়েছে।
এসআরবি-২ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই রায়েরবাজারের পাঁচটি গ্যারেজে এই বিশেষ অভিযান চালানো হয়। প্রায় ৩০০ চালকের পরিচয় যাচাইয়ের পাশাপাশি ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে (সিডিএমএস) তাঁদের তথ্য অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগৃহীত এনআইডি তথ্যের ভিত্তিতে চালকদের পুলিশ ক্লিয়ারেন্স প্রি-রেকর্ড (পিসিপিআর) যাচাই-বাছাই করা হবে বলে সংস্থাটি জানিয়েছে। গ্যারেজ মালিকদের দ্রুত এসব কপি কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এসআরবি আরও জানিয়েছে, এই অভিযানের উদ্দেশ্য রিকশাচালকদের হয়রানি করা নয়; বরং তাঁদের ছদ্মবেশে থাকা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
এনআইডির তথ্য যাচাই-বাছাইয়ের পর কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এসআরবি সূত্র জানিয়েছে, মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছদ্মবেশে কোনো সহিংসতা করে কি না, তা-ই যাচাই-বাছাই করছে তারা। সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ায় এসআরবি এই কার্যক্রম পরিচালনা করছে।



