খরায় ফসল হারিয়ে যুক্তরাষ্ট্রমুখী গুয়াতেমালার কৃষকদের সামনে সংকুচিত হচ্ছে পথ
পূর্ব গুয়াতেমালার আদিবাসী মায়া চোর্তি গ্রাম কাপারোসার ছোট ছোট কৃষিজমি শুকিয়ে খাঁ খাঁ করছে। জুনের মাঝামাঝি সময়; দেড় মাস আগে বর্ষা মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। ভুট্টাগাছ মাত্র কয়েক ইঞ্চি লম্বা হয়েছে, আর কোনো কোনো জমি পুরোপুরি খালি পড়ে আছে।
গ্রামের বাসিন্দা লিডিয়া মোলিনা তাঁর আড়াই বছর বয়সী মেয়ে কার্লাকে দুধ খাওয়াচ্ছিলেন। তিনি বলেন, ‘আমরা এখনো ভুট্টা রোপণ করিনি; খুব শুকনো। আশা করছি শিগগিরই বৃষ্টি হবে, না হলে স্বামী যা পাঠান তা দিয়েই চলতে হবে।’ তাঁর মেয়ের ওজন মাত্র ১৯ পাউন্ড (সাড়ে ৮ কেজি), যা সাধারণত নয় মাস বয়সী শিশুর ওজন। নিরাপত্তার কারণে প্রতিবেদনে মোলিনা ও তাঁর স্বামীর আসল নাম প্রকাশ করা হয়নি।
মায়া চোর্তি জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে ঔপনিবেশিক বসতি স্থাপনকারী ও সামন্ত জমিদারদের হাতে জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জাতিগত নিধনের শিকার হয়েও জমি, পানির উৎস, পূর্বপুরুষদের জ্ঞান ও ভাষা হারিয়ে ঐতিহ্যবাহী জীবিকা ধরে রেখেছে।
কিন্তু জলবায়ু ভাঙন তাদের অস্তিত্বের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্য অনুযায়ী, গুয়াতেমালা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা শীর্ষ ২০টি দেশের একটি; ২০৫০ সালের মধ্যে দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ পানির সংকটের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ১ কোটি ৯০ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেক আদিবাসী, যারা প্রায়ই নলকূপের পানি বা সেচব্যবস্থার মতো মৌলিক অবকাঠামোবিহীন প্রত্যন্ত এলাকায় বসবাস করে। সবচেয়ে মারাত্মক জলবায়ু প্রভাব পড়ছে এসব এলাকাতেই।
গত ১৫ বছরে অনিয়মিত বৃষ্টিপাতের কারণে জীবিকানির্ভর ফসল নষ্ট হওয়ায় হাজার হাজার গুয়াতেমালান, যাদের অনেকে আদিবাসী, ঋণ নিয়ে কিংবা পূর্বপুরুষদের ছোট জমি বন্ধক রেখে যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হয়—পরিবারকে অনাহার থেকে বাঁচাতে কাজের আশায়।
হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের ফেরত পাঠানো জোরদার করেছেন। ফেরত পাঠানোদের অনেকে বছরের পর বছর যুক্তরাষ্ট্রে বসবাস করে কর দিচ্ছিলেন; তাঁদের ফেরতে দেশে থাকা পরিবারগুলোর অর্থনৈতিক জীবনরেখা ছিন্ন হয়েছে। এখন বৃষ্টিপাত আরও অনিয়মিত হয়ে আঞ্চলিক কৃষিশ্রমের সুযোগও শুকিয়ে যাওয়ায় গ্রামীণ সম্প্রদায়গুলোর সামনে বিকল্প সংকুচিত হয়ে আসছে।
কাপারোসা মায়া চোর্তিদের পূর্বপুরুষদের আবাসভূমিতে অবস্থিত। গ্রামটি ‘শুষ্ক করিডর’ নামে পরিচিত হাজার হাজার ক্ষুদ্র গ্রামীণ জনপদের একটি। প্রায় এক হাজার মাইল দীর্ঘ এই অঞ্চল দক্ষিণ মেক্সিকো থেকে পানামা পর্যন্ত মধ্য আমেরিকার প্রায় এক-তৃতীয়াংশজুড়ে বিস্তৃত।
হাজার হাজার বছর ধরে শুষ্ক করিডরের ছয় মাসের বর্ষা মৌসুম মে মাসের শুরুতে শুরু হতো, মাঝপথে ‘কানিকুলা’ নামে পরিচিত তুলনামূলক শুকনো একটি পর্ব থাকত। লক্ষ লক্ষ আদিবাসী ও অনাদিবাসী জীবিকানির্ভর কৃষক এই মৌসুমি বৃষ্টির হিসাব অনুযায়ী ভুট্টা, শিম ও অন্যান্য মৌলিক খাদ্যশস্য রোপণ করতেন। খুব কম সম্প্রদায়ের কাছেই পানি সংরক্ষণ বা সেচের ব্যবস্থা ছিল।
২০০০-এর দশক থেকে পরিবর্তিত জলবায়ুর বিধ্বংসী প্রভাব পড়তে শুরু করে; প্রবল বৃষ্টি ও বন্যায় এলাকায় বিপর্যয়কর ক্ষতি হয়। এই সংকট পরিস্থিতির মধ্যেই সরকার ২০১৩ সালে জলবায়ু পরিবর্তন কাঠামো আইন পাস করে; মেক্সিকোর পর আমেরিকা মহাদেশে গুয়াতেমালাই দ্বিতীয় দেশ হিসেবে সুস্পষ্ট জলবায়ু আইন প্রণয়ন করে।
এরপর আসে খরা। বর্ষা মৌসুম দেরিতে আসতে থাকে, আর কানিকুলা হতে থাকে দীর্ঘতর, উত্তপ্ততর ও শুষ্কতর।
২০১৯ সালের মধ্যে টানা পাঁচ বছরের ফসল ব্যর্থতায় ওই অঞ্চলের ১২ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন দেখা দেয়। অপুষ্টিতে শিশুরা মারা যেতে থাকে।
অবিরাম খরা শুষ্ক করিডর থেকে জলবায়ুজনিত গণবাস্তুচ্যুতির প্রথম ঢেউ তৈরি করে। ২০১৯ সালে পরিবারসহ ভ্রমণরত ১ লাখ ৮৮ হাজার হন্ডুরান ও ১ লাখ ৮৫ হাজার গুয়াতেমালানকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আটক করা হয়, যা ২০১৬ সালের তুলনায় আট গুণ বেশি।
২০২১ সালের মধ্যে খরা আরও তীব্র হয় এবং কাপারোসার পরিস্থিতি মরিয়া হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছাতে মেক্সিকো পাড়ি দিয়ে দুই হাজার মাইলের বেশি (৩ হাজার ৩০০ কিলোমিটার) বিপজ্জনক যাত্রায় বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মোলিনার স্বামী, সঙ্গে তাঁর ১০ বছর বয়সী ছেলে। যাত্রার খরচ জোগাতে স্থানীয় পথপ্রদর্শক ‘কোয়োতে’র হাতে তিনি তুলে দিয়েছিলেন সেই জমির দলিল, যেখানে বর্ধিত পরিবারের এক ডজনের বেশি মানুষ সাধারণ মাটির ঘরে বসবাস করে। যুক্তরাষ্ট্রে কাজ পেলে ঋণ শোধের আশায় জমিটি ঋণের জামানত হিসেবে রাখা হয়েছিল।



