সিলেটে সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর-আগুন, মোটরসাইকেল পোড়ালেন স্থানীয়রা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক এমপি।
হাবিবুর রহমানের স্বজনেরা অভিযোগ করেন, সন্ধ্যা ছয়টার দিকে ১৫০ থেকে ২০০ জন ওই বাড়িতে আসেন। পরে তাঁরা বাড়ির ড্রয়িং রুম ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।
বাড়িতে আগুন দিতে আসা ব্যক্তিদের সঙ্গে ধরগাঁও গ্রামের কিছু বাসিন্দার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এলাকার কিছু লোক দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে কয়েকটি মোটরসাইকেল মাটিতে পড়ে থাকে; এসব মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, হাবিবুর রহমানের বাড়ির উঠানে ছড়ানো-ছিটানো বেশ কিছু চেয়ারে আগুন জ্বলছে। দূরে গ্রামের রাস্তার বিভিন্ন স্থানে কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলছে এবং লোকজন এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাবিবুর রহমান পলাতক। বর্তমানে তাঁর বাড়িতে তত্ত্বাবধায়ক ছাড়াও স্বজনেরা থাকেন।
স্থানীয় একাধিক সূত্র বলছে, আজ ভোরে সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর জেরে হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ওই আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে আজ ভোরে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মাইকে ঘোষণা দিয়ে কিছু ব্যক্তি মিছিলে হামলা চালান। পরে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
তবে সাবেক এমপি হাবিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে পুলিশের ওই কর্মকর্তা দাবি করেন—যা বাড়ির স্বজনদের অভিযোগের সঙ্গে মেলে না। একই দিন ভোরে বিএনপির এমপির বাড়িতে এবং সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলার এই দুই ঘটনা নিয়ে সিলেট-৩ আসনজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।



