কুলাউড়ার গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের মা হলেন, মা ও নবজাতকেরা সুস্থ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের রাগীব-রাবে�া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
বর্তমানে মা ও চার নবজাতক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, মা ও নবজাতকেরা সুস্থ আছেন।
নবজাতকদের বাবা সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজন। তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। একসঙ্গে চার সন্তানের বাবা-মা হওয়ায় পরিবারের সদস্য ও স্বজনেরা আনন্দিত।
একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে মা ও নবজাতকদের শুভকামনা জানান। পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে চার নতুন অতিথিকে পেয়ে তাঁরা আনন্দিত।
সাইদুল ইসলাম রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ও নবজাতকেরা ভালো আছেন। এমন খবরে পরিবারের সবাই আনন্দিত।



