ছায়ানটে ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৫০ বছর পূর্তি: সংবর্ধনা পেলেন লাকী ইনামসহ তিন গুণী

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী। বছরপূর্তি উপলক্ষে শনিবার বিকেল চারটায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে ‘গাই মাটির গান, শ্রমের গান, মুক্তির গান’ শিরোনামে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঋষিজ শিল্পীগোষ্ঠী দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে মানুষের কাছে একটি জীবনবাদী সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত। জন্মলগ্ন থেকেই সংগঠনটি যুগ-প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ, সংরক্ষণ ও পরিবেশনার মাধ্যমে তা লোকপ্রিয় করার চেষ্টা করে আসছে। পাশাপাশি জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিত্বকে ‘ঋষিজ পদক’ দিয়ে আসছে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মফিদুল হক বলেন, ‘১৯৭৬ সাল ছিল বাংলাদেশের জন্য কঠিন সময়। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও স্বপ্ন তখন পদদলিত। এমন প্রতিকূল সময়ে গণমানুষের গান নিয়ে ঋষিজের মতো সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ আমাকে এখনো বিস্মিত করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন খায়রুল আলম সবুজ এবং সংগীত গবেষক ও শিক্ষক সাইম রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি বেগম সুরাইয়া আলমগীর।
এবার তিন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন অভিনয়ে লাকী ইনাম, সংগীত ও সংস্কৃতিতে মিনা মিজানুর রহমান এবং প্রামাণ্যচিত্র নির্মাণ ও অভিনয়ে কাওসার চৌধুরী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়।
অনুষ্ঠানটি গণসংগীতশিল্পী ফকির আলমগীর, শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং ছড়াকার আমীরুল ইসলামের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।



