আফগানিস্তানের কুনারে স্কুলের পাশে বিস্ফোরণে নিহত বেড়ে ১০, আহত ১১০ জনের বেশিরভাগই শিশু

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাশে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও ১১০ জন, যাদের বেশিরভাগই শিশু। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ঘটা এই বিস্ফোরণের উৎস ছিল পাশের একটি গুদাম, যেখানে খনি কোম্পানিগুলোর বিস্ফোরক মজুত ছিল।
কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকার স্কুলটিতে সকাল ১০টায় বিস্ফোরণ ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি নিহতের সংখ্যা ১০ এবং আহতের সংখ্যা ১১০ বলে জানিয়েছেন।
কুনারের সংস্কৃতি ও তথ্য পরিচালক সামি উল হক বায়ান বলেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, খনি কোম্পানিগুলোর বিস্ফোরক মজুত রাখা গুদামে অবহেলার কারণে স্কুলে এই বিস্ফোরণ ঘটেছে। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে।
হাসপাতালের একটি ওয়ার্ডের ভিডিওতে আহত ছোট শিশুদের দেখা গেছে; কয়েকজনের মাথায় ব্যান্ডেজ বাঁধা এবং কয়েকজনকে এক বিছানায় দুজন করে শুইয়ে রাখা হয়েছে।
স্কুলের পাশেই বাড়ি নূর রহমানের। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ শুনে ধুলো উড়তে দেখেন তিনি। তিনি বলেন, ‘আমি সোজা ধুলোর মধ্যে দৌড়ে গেলাম, আমাদের নিজেদের শিশুরা সেখানে ছিল। একটি কক্ষে ঢুকে চিৎকার-চেঁচামেচি শুনলাম। আমার ভাগনির হাত দেখলাম, সে হাত নাড়ছিল। আমি ছুটে গিয়ে ইট সরিয়ে তাকে এবং আরও আহতদের টেনে বের করলাম।’
ছেলে আহত হওয়া হাজি সুলাইমান বলেন, দোকানে যাওয়ার পথে তিনি বিস্ফোরণের শব্দ শুনে তা দেখতে পান। হাসপাতালে ছেলের বিছানার পাশ থেকে তিনি বলেন, ‘কাঠের টুকরো আর মানুষের মাংস চারদিকে উড়ছিল।’ তিনি স্কুলের দিকে দৌড়ে যান এবং পৌঁছে দেখেন, কিছু শিশু মারা গেছে, কেউ কেউ রক্তে ভেজা, কয়েকটি ছাদ ধসে পড়েছে, দেয়াল নেই এবং স্কুলের কিছুই অবশিষ্ট নেই।
স্থানীয় বাসিন্দা আলী রহমান বলেন, বিস্ফোরণের শব্দ শুনে তিনিও স্কুলে ছুটে গিয়ে উদ্ধারকাজে যোগ দেন। তিনি আহত শিশুদের দেখেছেন; কেউ ভাঙা কাচে আহত, কেউ ধসে পড়া দেয়ালের আঘাতে আহত এবং কেউ আটকে পড়েছিল। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা শিক্ষক ও অন্য আহতদের উদ্ধার করেন।
স্কুলের ভিডিওতে ভবনের একটি অংশ ধসে পড়তে দেখা গেছে। একটি শ্রেণিকক্ষে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের নীল রঙের স্কুলব্যাগ মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল, ধুলোয় ঢাকা অবস্থায়।
ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, কুনার প্রদেশে একটি স্কুলের কাছে বিস্ফোরণে বহু শিশুর প্রাণহানি ও আরও অনেকে আহত হওয়ার খবরে সংস্থাটি মর্মাহত। বিবৃতিতে বলা হয়, ইউনিসেফ ও এর অংশীদাররা ঘটনাস্থলে থেকে বেঁচে যাওয়াদের জীবনরক্ষাকারী চিকিৎসা সহায়তা দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর আরও চাহিদা মূল্যায়ন করছে। সংস্থাটি বলেছে, প্রতিটি শিশুর জন্য স্কুলকে অবশ্যই নিরাপদ জায়গা হতে হবে।
খনিশিল্প আফগানিস্তানের একটি বড় শিল্প; লৌহ আকরিক, তামা, সিসা, দস্তা, সোনা, কয়লা ও মূল্যবান পাথরসহ কাঁচামালে সমৃদ্ধ দেশটি। তবে খনি কোম্পানিগুলোর নিরাপত্তা মান প্রায়ই দুর্বল, যার ফলে দুর্ঘটনা ঘটে। কুনারে রত্নপাথর খনন বাড়ছে; বিভিন্ন কোম্পানি মূল্যবান পাথর উত্তোলন করে পরে নিলামে বিক্রি করে।
এর আগে আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুল কমপ্লেক্সে হাতে তৈরি বোমা (হ্যান্ড গ্রেনেড) হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।


