মঙ্গলবার থেকে কমতে পারে তাপমাত্রা, ৩ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নভেম্বর শেষ হতে চললেও দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা এখনো তেমন কমেনি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার পর্যন্ত তাপমাত্রার তেমন হেরফের হবে না; মঙ্গলবার থেকে তা কমতে শুরু করতে পারে। ডিসেম্বরের ৩ তারিখের পর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে।
ব্যতিক্রম দেশের সর্ব-উত্তরের রংপুর বিভাগের কিছু জেলা। এ বিভাগের জেলাগুলোর কয়েকটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এর বাইরে দেশের অন্যত্র সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়—১৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে—৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একই দিনে দেশের দুই প্রান্তের তাপমাত্রার ব্যবধান ছিল ২০ ডিগ্রির বেশি।
রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা দুই দিন আগে ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। গতকাল তা আবার বেড়ে হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল বলেন, সোমবার পর্যন্ত তাপমাত্রার তেমন হেরফের হবে না। কিন্তু মঙ্গলবার থেকে তা কমতে শুরু করতে পারে। ডিসেম্বরের ৩ তারিখের পর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে বলে তিনি জানান।
এ বছর শীত যে কম পড়তে পারে, তা বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছিল। এর কারণ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় বায়ুপ্রবাহ এল নিনোর সক্রিয়তার কথা বলা হয়েছে। বিশ্বের অনেক দেশেই নভেম্বরে স্বাভাবিক শীত পড়েনি।




