ওয়ারগেমসে খাঁচার চূড়া থেকে লাফ শার্লট ফ্লেয়ারের, জয় ছিনিয়ে নিলেন ভ্যাকের

শনিবার রাতে সারভাইভার সিরিজের উইমেন্স ওয়ারগেমস ম্যাচে দলের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন শার্লট ফ্লেয়ার। হিউস্টনের ডাইকিন পার্কে অনুষ্ঠিত ম্যাচে জেড কারগিলকে পিন করে জয় নিশ্চিত করেন স্টেফানি ভ্যাকের, আর ম্যাচজুড়ে ঝুঁকিপূর্ণ সব মুভের জন্য ফ্লেয়ারকেই ম্যাচের সেরা (এমভিপি) বলা হচ্ছে।
এই ম্যাচের দলে ভ্যাকেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফ্লেয়ার নিজেই। ডাবল কেজে নিজের দলের প্রথম প্রতিযোগী হিসেবে নামেন তিনি, প্রতিপক্ষ ছিলেন জেসি জেইন। জেইন ও তাঁর 'ফ্যাটাল ইনফ্লুয়েন্স' দলের সদস্যদের সামলিয়ে একের পর এক চমকপ্রদ মুভ করেন ফ্লেয়ার।
প্রথমে লেইনি রিডকে নিয়ে রিংয়ের এক কোণে টপ টার্নবাকলে লড়াইয়ের মধ্যে সহজেই 'স্প্যানিশ ফ্লাই' মুভটি প্রয়োগ করেন ফ্লেয়ার। এরপর তিনি উঠে যান খাঁচার একেবারে চূড়ায়, কোণের প্ল্যাটফর্মে।
সেখান থেকে নিচে থাকা রেসলারদের ওপর নিখুঁত 'মুনসল্ট' মারেন ফ্লেয়ার। এই ঝুঁকিপূর্ণ লাফে ডাইকিন পার্কের দর্শকেরা দাঁড়িয়ে যান, আর ঘরে বসে দেখা ভক্তদের মধ্যেও একই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ম্যাচের পরের দিকে কেন্ডো স্টিক হাতে কারগিল ও মিচিনের আক্রমণে ফ্লেয়ারকেও বেশ মার খেতে হয়। তবে শেষ পর্যন্ত কারগিলকে 'ফিগার-ফোর লেগলক'-এ আটকে ফেলেন তিনি, আর সেই সুযোগে টপ রোপ থেকে 'ভ্যাকের ইনফার্নো' মেরে কারগিলকে পিন করেন ভ্যাকের।
এই জয়ে ফ্লেয়ার ও ভ্যাকেরের সঙ্গে ছিলেন বেইলি, ট্যাটাম প্যাক্সলি ও অ্যালেক্সা ব্লিস। তবে ব্লিসকে চোটের কারণে ম্যাচ ছেড়ে বেরিয়ে যেতে হয়।
নারীদের শিরোপার দৌড়ে ফিরতে মরিয়া ফ্লেয়ারের জন্য এই জয় বড় অর্জন। সামনে তিনি অংশ নেবেন আসন্ন 'জন সিনা ক্লাসিক'-এ, আর তাঁর চোখ এখন ফেব্রুয়ারির রয়্যাল রাম্বলের দিকে।




