লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জে সড়ক প্রায় ফাঁকা, নিরাপত্তায় ৫৮ প্লাটুন বিজিবি ও ২ হাজার ৩৫০ পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন আজ রোববার গোপালগঞ্জের সড়ক-মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহনও।
শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ৬৭ কিলোমিটারে কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে।
লকডাউনের কারণে সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মানুষের চলাচলও সীমিত। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এতে শহর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাচৌকি বসিয়েছে পুলিশ। এ ছাড়া গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার সামনে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার নিরাপত্তায় বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে রয়েছেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মশালমিছিল হয়েছে। পাটগাতী বাসস্ট্যান্ডের সমাবেশ থেকে ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।
লকডাউনের প্রভাব পড়েছে মোবাইল আর্থিক সেবাতেও। গোপালগঞ্জে বিকাশ ও নগদের প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট এবং ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় টাকা পাঠানো, উত্তোলন ও বিদ্যুৎ বিল পরিশোধে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ৩০ নভেম্বর থেকে কার্যক্রম চালু হতে পারে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।



