নিজস্ব মানববাহী মহাকাশ কর্মসূচি নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের মুখে ইউরোপ, ভোট ১৫ ডিসেম্বর রোমে

মহাকাশে নভোচারী পাঠাতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কাটিয়ে নিজস্ব মানববাহী মহাকাশ কর্মসূচি চালু করবে কি না, সে বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপ। আগামী ১৫ ডিসেম্বর রোমে বৈঠকে বসবেন ইউরোপীয় মন্ত্রীরা; সেখানেই ভোট হবে ১ হাজার কোটি ইউরো (৮৪০ কোটি পাউন্ড) ব্যয়ের এই কর্মসূচির ভাগ্য নিয়ে।
কর্মসূচিটি অনুমোদন পেলে তৈরি করতে হবে একটি ইউরোপীয় স্পেস শাটল, পাশাপাশি উৎক্ষেপণ ও অবতরণের প্যাড। এসব স্থাপনা গড়ে ওঠার সম্ভাব্য জায়গা ফরাসি গায়ানা, যেখানে অবস্থিত গায়ানা স্পেস সেন্টার থেকে বাণিজ্যিক উৎক্ষেপণ সংস্থা আরিয়ানস্পেস প্রায় ৪৫ বছর ধরে ইউরোপের হয়ে কক্ষপথে স্যাটেলাইট পাঠাচ্ছে।
ইউরোপীয় মহাকাশ সংস্থা এসার মহাপরিচালক জোসেফ আশবাখার বলেছেন, ‘সিদ্ধান্ত ইতিবাচক হলে তা ইউরোপের জন্য সত্যিই ঐতিহাসিক মুহূর্ত হবে।’ তাঁর মতে, ইলন মাস্কের মতো ধনকুবেরদের হাতে মহাকাশের বাণিজ্যিকীকরণ এবং পারমাণবিক অস্ত্রসহ রাশিয়ার সামরিক মহাকাশ পরিকল্পনা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ইউরোপের মহাকাশ পরিকল্পনার দুর্বলতাগুলো প্রকাশ করে দিয়েছে।
ইউক্রেনের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহারে সাম্প্রতিক বিধিনিষেধ রোমের আলোচনায় বাড়তি তাগিদ যোগ করবে বলে মনে করা হচ্ছে। একই সপ্তাহে মহাকাশে তথ্য প্রক্রিয়াকরণের জন্য ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের নিয়ন্ত্রক অনুমোদন পেয়েছে মাস্কের স্পেসএক্স, যা তাঁর উচ্চাকাঙ্ক্ষার নতুন স্মারক হিসেবে দেখা হচ্ছে।
আশবাখার বলেন, ‘আরও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষার সঙ্গে ভূরাজনৈতিক পরিস্থিতির সম্পর্ক অবশ্যই আছে। যুক্তরাষ্ট্রে মানববাহী মহাকাশযাত্রা কীভাবে চলবে, তা নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে।’ তিনি জানান, নাসার সঙ্গে সম্পর্ক ‘ভালো ও শক্তিশালী’, তবে যুক্তরাষ্ট্রে পরিস্থিতি ‘বদলে যেতে পারে’ এবং সব সম্ভাবনার জন্য ইউরোপকে প্রস্তুত থাকতে হবে।
পরিকল্পনাটি নাসাকে ব্যবহার বন্ধের নয়, বরং তার পরিপূরক হওয়ার, বলেছেন আশবাখার। তাঁর ভাষায়, এতে ইউরোপ রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি একটি ‘মহাকাশ শক্তি’ হয়ে উঠবে, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পাবে এবং উচ্চপ্রযুক্তি প্রকৌশলের শিল্পসম্ভাবনা তৈরি হবে ইউরোপেই। এ নিয়ে তিনি ইতিমধ্যে জাপান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছেন। হোয়াইট হাউসে কে আছেন তার ওপর নির্ভর করে মার্কিন সরকার নাসার গুরুত্ব কমিয়ে দিতে পারে, এমনকি বিদেশিদের জন্য মার্কিন মহাকাশযাত্রায় নিষেধাজ্ঞাও আসতে পারে বলে তাঁর আশঙ্কা।
বর্তমানে মহাকাশে ইউরোপের ১১ জন নভোচারী রয়েছেন এবং আগামী বছর নাসার মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার কথা আরও চারজনের। ২০২২ সাল পর্যন্ত ইউরোপীয় নভোচারীদের আইএসএসে পৌঁছাতে এসা নির্ভর করেছে নাসা ও রাশিয়ার উৎক্ষেপণ ঘাঁটির ওপর।
নিজস্ব মানববাহী কর্মসূচির চেষ্টা ইউরোপ শেষবার করেছিল ১৯৯২ সালে হার্মিস প্রকল্পে—নাসার স্পেস শাটলের প্রতিদ্বন্দ্বী একটি মহাকাশ বিমান। চ্যালেঞ্জার বিপর্যয়ের পর বাড়তে থাকা ব্যয়ের মুখে উন্নয়ন পর্যায়েই প্রকল্পটি পরিত্যক্ত হয়। এসার যুক্তি, মানববাহী যাত্রায় নাসার ওপর নির্ভর করে থাকা শুধু ঝুঁকিপূর্ণই নয়, এতে ইউরোপীয় করদাতাদের অর্থের বড় অংশ শেষ পর্যন্ত মার্কিন কোষাগারেই যাবে।
আশবাখার বলেন, ‘এতে অর্থ যায় মার্কিন কোম্পানিগুলোর কাছে, আমাদের নিজেদের কোম্পানির কাছে নয়। আর শক্তিশালী মার্কিন কোম্পানিগুলো আমাদের কোম্পানিগুলোকে দুর্বল করে দেবে, কারণ তারা বাজার থেকে ছিটকে পড়বে।’ মহাকাশ গবেষণার পার্শ্ব-উদ্ভাবনের দিকেও তিনি ইঙ্গিত করেন—মেমরি ফোম, আঁচড়-প্রতিরোধী লেন্স, মেডিকেল ইমেজিং, হার্ট পাম্প, ক্যামেরা ফোন ও তারবিহীন পাওয়ার টুলের মতো আবিষ্কার এসেছে এই গবেষণা থেকেই।
নিরাপত্তা উদ্বেগও সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখছে। চলতি সপ্তাহে খবর এসেছে, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। অক্টোবরে রাশিয়ার নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট কসমস ২৬১২ ইউক্রেনসহ বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তায় ব্যবহৃত হতে পারে এমন একটি বাণিজ্যিক পৃথিবী-পর্যবেক্ষণ স্যাটেলাইটের এক মাইলের মধ্যে এসেছিল। আশবাখার বলেন, ‘তারা যে শুধু এটা করতে সক্ষম তাই নয়, করছেও—এটাই উদ্বেগের।’
পেন্টাগনের জন্য মাস্কের কোম্পানির তৈরি স্টারলিংকের শক্তিশালী সামরিক সংস্করণ স্টারশিল্ডে ইউক্রেনের প্রবেশাধিকারে সাম্প্রতিক বিধিনিষেধ ইউরোপের সামরিক মহাকাশ সক্ষমতা নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় প্রকল্প আইরিস-২ এক বছর এগিয়ে আনা হলেও ২০২৯ সালের আগে কার্যকর হবে না। আশবাখার স্বীকার করেন, স্পেসএক্স ‘কয়েক বছর এগিয়ে’ আছে, তবে যুক্তরাজ্য-ফ্রান্স সমর্থিত ৬০০ স্যাটেলাইটের ওয়ানওয়েব নক্ষত্রপুঞ্জ ইউরোপের হাতে আছে এবং আইরিস-২ চালু হলে তা স্টারলিংকের চেয়ে উন্নত প্রযুক্তি দেবে। প্রতিরক্ষা ও নিরাপত্তায় ইউরোপ ‘খুব দ্রুত পিছিয়ে থাকা অবস্থা কাটিয়ে উঠছে’ বলেও তিনি বলেন।
১৯৭৫ সালে প্রতিষ্ঠার সময় এসার সনদে ছিল ‘শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে’ কাজ করার বাধ্যবাধকতা, যা সংস্থাটিকে পিছিয়ে রেখেছিল বলে মনে করা হয়। গত নভেম্বরে সনদ বদলে ‘অ-আক্রমণাত্মক প্রতিরক্ষা ও নিরাপত্তা মিশন’ সমর্থনের সুযোগ এসেছে এবং বাজেট বেড়ে রেকর্ড ২ হাজার ২১০ থেকে ২ হাজার ২৩০ কোটি ইউরো হয়েছে, যা আগের বাজেটের চেয়ে ৩৩ শতাংশ বেশি। এতে জার্মানির অবদান ২৩ শতাংশ, ফ্রান্স ও ইতালির প্রত্যেকের ১৬ শতাংশ। আশবাখার বলেন, ‘এটা সনদের সম্পূর্ণ পরিবর্তন।’
নাসার সঙ্গে সম্পর্ক শক্তিশালী হলেও চন্দ্র গেটওয়ে ও মঙ্গলের নমুনা ফেরত আনার প্রকল্প—দুটি কাজই সম্প্রতি স্থগিত করেছে নাসা, আর সে সিদ্ধান্তে ইউরোপের কোনো ভূমিকা ছিল না। ডিসেম্বরে এসার ২৩ সদস্যরাষ্ট্র সবুজ সংকেত দিলে নাসার স্থগিত প্রকল্পগুলো থেকে মুক্ত হওয়া ২৮ কোটি ইউরো দিয়ে প্রস্তুতিমূলক কাজ শুরু হবে; পূর্ণ অর্থায়নের আহ্বান আসবে ২০২৮ সালের পরবর্তী মন্ত্রী পর্যায়ের বাজেট অধিবেশনে।



