আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং তাঁদের বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে এ নোটিশ দেওয়া হয়। তবে শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শোকজ নোটিশ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন আবুল কাউসার আশা। তিনি জানান, নোটিশের লিখিত জবাবও দিয়েছেন।
আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বর্তমানে তিনি তাঁর বাবার রাজনৈতিক সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও আবুল কাউসার আশা দল ও সরকারের ভাবমূর্তির কথা বিবেচনা না করে আওয়ামী লীগের পদধারী এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করছেন। পাশাপাশি নিজের মিছিল-সমাবেশে তাঁদের গুরুত্ব দিয়ে মূল্যায়ন করছেন।
নোটিশে আরও বলা হয়, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ কয়েকজনের সঙ্গে আবুল কাউসার আশার বিভিন্ন ছবি তাঁদের ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসব কর্মকাণ্ডের কারণে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করা হচ্ছে এবং বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরূপ মনোভাব তৈরি হচ্ছে বলেও নোটিশে অভিযোগ করা হয়। এতে দলের সাংগঠনিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে নোটিশে বলা হয়, কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ নোটিশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।
অন্যদিকে অভিযোগের জবাবে আবুল কাউসার আশা বলেন, আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। হাবিবুর রহমান বিএনপির একজন কর্মী এবং বর্তমানে বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
আইয়ুব মেম্বার প্রসঙ্গে তিনি বলেন, তিনি ধামগড় ইউনিয়নের একজন মেম্বার। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
আবুল কাউসার আশা আরও বলেন, ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী লীগের সহযোগী ও মাদক ব্যবসায়ীদের জামিনের ব্যবস্থা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাঁদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় তিনি ওই ব্যক্তিদের বিরাগভাজন হয়েছেন বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি।



