পদ্মা সেতু রুটে বাস বন্ধ দ্বিতীয় দিনে, আরিচা পথে তিন গুণ ভাড়ার অভিযোগ যাত্রীদের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববারও এ রুটে কোনো বাস ছাড়েনি।
তবে আগামীকাল সোমবার বিকেল থেকে বাস চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন কাউন্টারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিকল্প পথ হিসেবে যশোর-আরিচা রুট ব্যবহার করে ঢাকায় চলাচল করছে কিছু পরিবহন। এতে যাত্রীদের অতিরিক্ত ৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে।
এই সুযোগে যাত্রীদের দুর্ভোগকে পুঁজি করে কিছু পরিবহন তিন গুণ বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
রয়্যাল মোড়ের কয়েকটি বাস কাউন্টার ঘুরে জানা গেছে, পরিবহন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী পরিবহনগুলো বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে কিছু পরিবহন যশোর-মাগুরা-আরিচা রুট ব্যবহার করছে।
মাওয়া রুটে ঢাকায় যাওয়ার জন্য আগাম টিকিট কাটা যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। তাঁদের টিকিট ফেরত দিয়ে বিকল্প আরিচা রুটে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি এ পথে তিন গুণ ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
রয়্যাল মোড়ে সোহাগ পরিবহনের ব্যবস্থাপক মো. ইয়ামিন হোসেন জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শনিবার বিকেল থেকে পদ্মা সেতু রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও পরিবহনের নিরাপত্তায় রাত থেকে যশোর-আরিচা রুটে বাস চলছে।
ইয়ামিন হোসেন বলেন, রোববার দুপুর আড়াইটা পর্যন্ত তাঁদের নয়টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। সোমবার পরিস্থিতি স্বাভাবিক হলে আগের রুটে বাস চলাচল শুরু হতে পারে বলে আশা করেন তিনি।
ইমাদ পরিবহনের টিকিট বিক্রেতা মো. মিরাজুল ইসলাম জানান, রোববার খুলনা থেকে তাঁদের কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তাঁদের বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করে। গোপালগঞ্জে পরিস্থিতি অস্থিতিশীল থাকায় তাঁরা বাস ছাড়ছেন না।
মিরাজুল বলেন, অফিস খোলা রাখলেও ঝামেলা, আবার বন্ধ রাখলেও ঝামেলা। মূল অফিস থেকে খোলা রাখার নির্দেশনা দেওয়ায় কাউন্টার খোলা রেখেছেন তাঁরা।
গ্রিন লাইন পরিবহনের টিকিট বিক্রেতা মোস্তফা কামাল বলেন, রোববার ঢাকার উদ্দেশে তাঁদের কোনো বাস ছেড়ে যায়নি। শনিবার রাত থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো বাস গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে না।


