আমিরাতের তিন দ্বীপ ইরানের দখল ঠেকাতে গোপন সামরিক পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছিল ব্রিটেন: অবমুক্ত নথি

যুক্তরাজ্যের সদ্য অবমুক্ত গোপন নথিতে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের তিনটি দ্বীপ ইরানের দখলে যাওয়া ঠেকাতে একসময় বড় ধরনের সামরিক পরিকল্পনা তৈরি করেছিল ব্রিটেন। কিন্তু শেষ মুহূর্তের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ায় ৫৫ বছর আগে দ্বীপ তিনটি দখল করে নেয় ইরান।
রোববার (২৯ নভেম্বর) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, আবু মুসা, বৃহত্তর তুনব ও ক্ষুদ্রতর তুনব দ্বীপ রক্ষায় ব্রিটিশ পরিকল্পনায় যুদ্ধজাহাজ, বিমানবাহিনীর স্কোয়াড্রন, রাতের অন্ধকারে অবতরণের জন্য সমুদ্রসৈকতের মানচিত্র এবং আরবি ভাষায় প্রচারপত্র তৈরির বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। সম্ভাব্য গেরিলা যুদ্ধের পরিস্থিতিতে দ্বীপবাসীর মধ্যে এসব প্রচারপত্র বিতরণের পরিকল্পনা করা হয়েছিল।
অবমুক্ত ১৯৭১ সালের নথিতে দেখা যায়, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের সময় ইরানের তৎকালীন শাহ সরকার দ্বীপগুলো দখল করে নেবে, এমন আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। তবে সে সময় ইরান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মিত্র হওয়ায় শাহকে অসন্তুষ্ট করতে চায়নি ব্রিটিশ সরকার। ৫৫ বছর আগে শাহ সরকারের অধীনে ইরান ছিল যুক্তরাজ্যের মিত্র, তারপরও দেশটির দ্বীপ দখলের পরিকল্পনা ঠেকাতে গোপন সামরিক প্রস্তুতি ও শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা চালিয়েছিল ব্রিটেন, তবে শেষ পর্যন্ত সব উদ্যোগ ব্যর্থ হয়।
১৯৭১ সালের ৩০ নভেম্বর ভোরে ইরানি বাহিনী দ্বীপগুলোতে অভিযান চালায়। সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠার মাত্র দুই দিন আগে শারজাহ ও রাস আল খাইমার নিয়ন্ত্রণাধীন দ্বীপগুলো দখল করে নেয় তারা।
ইরানি বাহিনীর অভিযানে রাস আল খাইমার এক পুলিশ সদস্য সালিম সুহাইল বিন খামিস নিহত হন। তাঁকে আমিরাতের প্রথম শহীদ হিসেবে স্মরণ করা হয়।
ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভসের নথি অনুযায়ী, ১৯৬৯ সালের মার্চেই ‘অপারেশন পেনসাম’ নামে একটি সামরিক পরিকল্পনা অনুমোদন করেছিলেন ব্রিটেনের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এর উদ্দেশ্য ছিল আবু মুসা ও তুনব দ্বীপে ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপ প্রতিরোধ করা।
পরিকল্পনায় একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ, পাঁচটি হেলিকপ্টার, টহল বিমান এবং সশস্ত্র সেনাদল মোতায়েনের কথা ছিল। ইরানি বাহিনী আক্রমণ করলে আবু মুসা ও বৃহত্তর তুনব দ্বীপে প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা করা হয়। প্রয়োজনে রাতের অন্ধকারে নৌবাহিনীর একটি দল গোপনে দ্বীপে অবতরণ করে ভোরে অভিযান চালাত।
তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর বিষয়ে ব্রিটেনের অনীহা ছিল। সামরিক পরিকল্পনায়ও বলা হয়েছিল, রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে ইরান অভিযান চালালে ব্রিটিশ প্রতিক্রিয়া কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে।
১৯৭১ সালজুড়ে দ্বীপগুলোর ভবিষ্যৎ নিয়ে ইরান ও ব্রিটেনের মধ্যে আলোচনা চলে। ব্রিটিশ কূটনীতিক স্যার উইলিয়াম লুস ছিলেন প্রধান মধ্যস্থতাকারী। ১১ নভেম্বর শাহের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে তিনি মনে করেছিলেন, শাহ সমঝোতায় আগ্রহী। তবে শাহ একই সঙ্গে দ্বীপগুলো দখলের সামরিক প্রস্তুতি থাকার কথাও জানিয়েছিলেন। ব্রিটিশ কর্মকর্তারা ইরানের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিতে চাননি।
দ্বীপ দখলের ঘটনায় আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইরাক ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফিও ক্ষোভ প্রকাশ করেন।
১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পরও দ্বীপগুলোর নিয়ন্ত্রণ ছাড়েনি তেহরান। বর্তমানে সেখানে সামরিক স্থাপনা রয়েছে। ২০২৬ সালের যুদ্ধেও দ্বীপগুলো গুরুত্বপূর্ণ সামরিক উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠে। চলতি বছরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমিরাত দ্বীপগুলোর বিরোধ আলোচনার মাধ্যমে অথবা আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।


