শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান এ দলকে ১ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে শ্রীলঙ্কা এ দল। ১৯৮ রানে ৬ উইকেট থেকে ১৯৮ রানেই ৯ উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে লঙ্কানরা।
কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্কে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান এ দল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২১৬ রান তোলে তারা। জবাবে ৪১.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা।
এটি রাইজিং স্টারস এশিয়া কাপের দ্বিতীয় আসর। টি-টুয়েন্টি ফরম্যাটে হওয়া ২০২৫ সালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তাদেরই হারিয়ে ওয়ানডে ফরম্যাটে গড়ানো দ্বিতীয় আসরে শিরোপা ঘরে তুলল শ্রীলঙ্কা। টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করেছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।
রানতাড়ায় নেমে ৩৮ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা এ দল। সিনথে জয়াবর্ধনে আউট হন ১৩ বলে ২০ রান করে। ৯.৩ ওভারে দলীয় ৬০ রানে আউট হন আরেক ওপেনার লাসিথ ক্রসপুল্লে, করেন ২৬ রান।
তৃতীয় উইকেটে পবন রত্নায়েকেকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন নিশান মাদুশ্কা। ২৩.৪ ওভারে দলীয় ১৪০ রানে পবন আউট হন ৩৯ বলে ৩০ রান করে। দুই বলের ব্যবধানে খালি হাতে ফেরেন নিপুন ধনঞ্জয়।
মাদুশ্কা এক প্রান্ত আগলে রাখলেও ১৬৮ রানে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা। জানিথ লিয়ানেগে আউট হন ১১ রান করে। ১৭৬ রানে রাভিন্দু ফের্নান্দো আউট হন ৩ রান করে।
৩৬তম ওভারের শেষ বলে দলীয় ১৯৮ রানে মাদুশ্কা আউট হন ৮৭ রান করে। ৯৫ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। এরপর ধস নামে লঙ্কানদের ইনিংসে।
৩৭তম ওভারের প্রথম বলে বিজয়কান্থ বীয়াশকান্থ ও চতুর্থ বলে ভানুজা শাহান আউট হন। জয় থেকে ১৮ রান দূরে থাকতে ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। পরে গারুকা সংকেতকে সঙ্গী করে লাহিরু সামারাকুন জয় নিশ্চিত করেন। ২২ বলে ১৫ রান করেন সামারাকুন, গারুকা করেন ৪ রান।
পাকিস্তানের বোলারদের মধ্যে আলি রেজা ৩ উইকেট নেন, সুফিয়ান মুকিম নেন ২ উইকেট। এর আগে ব্যাট করে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন শাহজাইব খান। শামিল হোসেন করেন ৪০, রোহাইল নাজির ৩৭ ও আব্দুল সামাদ ৩৩ রান। লঙ্কান বোলারদের মধ্যে রাভিন্দু ফের্নান্দো ও গারুকা সানকেথ ৩টি করে এবং ভানুজা শাহান ২টি উইকেট নেন।

