কাতার গ্রাঁ প্রিতে জয় বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্টোনেলির, ধ্বংসাবশেষে স্বপ্ন ভাঙল রাসেলের
কাতার গ্রাঁ প্রি জিতেছেন ফর্মুলা ওয়ানের নতুন বিশ্বচ্যাম্পিয়ন কিমি অ্যান্টোনেলি। লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটে রোববার ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত এই রেসে তার মার্সিডিজ সতীর্থ জর্জ রাসেল দ্বিতীয় হয়েছেন।
পোল পজিশন থেকে শুরু করে রেসের বেশির ভাগ সময় এগিয়ে ছিলেন রাসেল। কিন্তু দ্বিতীয় পিট স্টপে গাড়ির সামনের উইংয়ের পেছনে আটকে থাকা পলিস্টাইরিন ধ্বংসাবশেষ সরাতে গিয়ে তিনি প্রায় ১০ সেকেন্ড সময় হারান, আর তাতেই জয়ের আশা শেষ হয়ে যায় তার।
রেস চলাকালে অ্যান্টোনেলি বারবার রেডিওতে জিজ্ঞেস করছিলেন, রাসেলকে জয়ের জন্য পথ ছেড়ে দেবেন কি না। দল তাকে জানায়, ব্যবধান অনেক বেশি; শেষ পর্যন্ত ৩১ দশমিক ৪ সেকেন্ড এগিয়ে থেকে চেকার্ড ফ্ল্যাগ নেন ২০ বছর বয়সী ইতালীয় এই চালক। এটি চলতি মৌসুমে তার দশম জয়।
ম্যাকলারেনের অস্কার পিয়াস্ত্রি তৃতীয় হয়েছেন। রেড বুলের চারবারের চ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্টাপেন চতুর্থ হয়ে মৌসুম শেষে সামগ্রিকভাবে রানার-আপ হওয়া নিশ্চিত করেছেন।
ফেরারির লুইস হ্যামিল্টন ষষ্ঠ ও শার্ল লেক্লের সপ্তম হয়েছেন, আর এই ফলেই কনস্ট্রাক্টরস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ফেরারি।

