ভাটার টানে বদলে যাচ্ছে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর, বোরোর প্রস্তুতিতে ব্যস্ত কৃষক

মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরে এখন ভাটার টান। এত দিনের জল-থইথই চেহারাটা বদলে যাচ্ছে — তরতর করে পানি নেমে যাচ্ছে, আর ভেসে উঠছে ফসলের জমি। হেমন্তের বিকেলে ভেসে ওঠা জমিনে পড়েছে গাছের ছায়া, জলের বুকে ভাসছে জেলেদের ডিঙিনৌকা।
গত শনিবার বিকেলে হাওরাঞ্চলে গিয়ে দেখা যায়, গ্রামগুলোর মাঠ পানির তল থেকে এরই মধ্যে অনেকটা ভেসে উঠেছে। জমিতে জলকাদায় সেঁটে থাকা সাদা শাপলা ফুটেছে। বাড়ির আশপাশে কৃষকেরা বোরো ধানের চারার জন্য জমি প্রস্তুত করছেন।
হাওরের মৌলভীবাজার সদর উপজেলার কাদিপুর ও জুমাপুর এবং রাজনগর উপজেলার অন্তেহরি গ্রামের এলাকায় এখন হেমন্তের চিত্র এমনই। কাদিপুর ও অন্তেহরি এলাকায় গ্রাম থেকে অনেকটা দূরে হাওর এখনো জলের শরীর নিয়ে ভেসে আছে।
ভেসে ওঠা জমিতে কেউ কেউ পাওয়ার টিলার দিয়ে জমি প্রস্তুতির কাজে নেমে পড়েছেন; এই জমিতেই বোরো ধানের চাষ হবে। একদিকে পাওয়ার টিলার চলছে, অন্যদিকে মাটির নিচ থেকে জেগে ওঠা পোকামাকড় খেতে ভিড় করছে সাদা বকের দল — কখনো স্থির বসে থাকছে, কখনো ডানা মেলে ওড়াউড়ি করছে।
জলের মধ্যে ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরায় ব্যস্ত মৎস্যজীবীরা। কেউ জলের মধ্যে জাল পাতছেন, কেউ আগে থেকে পেতে রাখা জাল টেনে তুলছেন। কোথাও শুকনো খালে খালি নৌকা পড়ে আছে, কোথাও মাছ ধরার চাঁই জমা করে রাখা হয়েছে, আবার কোথাও নৌকায় রাখা হয়েছে চিংড়ি ধরার অনেকগুলো পট, যেগুলো হয়তো সন্ধ্যা হলে কিংবা রাতে জলে ফেলা হবে।
হাওরের জলের কাছে অস্থায়ী ঘরে রাত কাটে একটি খামারের হাঁসের দলের; দিন হলেই তারা নেমে আসে হাওরের জলে। শনিবারও একজন রাখাল জলের মধ্যে অনেকগুলো হাঁস ছেড়ে দিয়েছিলেন, আর হাঁসগুলো সাঁতার কেটে বেড়াচ্ছিল।
হাওরে ঘুরতে আসা মো. আমীর বলেন, ‘হাওরকে সব সময়েই আমার ভালো লাগে। সব সময়েই হাওর একেকরকম সুন্দর। এখন এই শীত আসার সময়টিতে হাওরপারে ঘুরতে অনেক ভালো লাগছে।’
বেলা পড়ে এলে সূর্যের তেজ কমে আসে, গ্রামের ওপারে ধীরে সূর্য ডোবে। তখন রঙ বদলাতে শুরু করে হাওর, আর অন্ধকারের সঙ্গে কুয়াশা নামতে থাকে হাওরের শান্ত বুকে।


